চট্টগ্রাম, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদোন্নতি পরীক্ষার প্যারেডে অংশ নিতে গিয়ে চট্টগ্রামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইনে এএসআই পদে পদোন্নতির শারীরিক পরীক্ষার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত কনস্টেবল শাহজাদা মোস্তফা কামাল (৪৩) বাগেরহাট জেলার মোড়লগঞ্জের আব্দুর রব হাওলাদারের ছেলে।
পুলিশ কর্মকর্তারা অবশ্য দাবি করেছেন, ওই কনস্টেবল প্যারেডে অংশ নেননি। অংশ নেয়ার আগেই অসুস্থ বোধ করায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
তবে প্যারেডে অংশ নেওয়া কয়েকজন কনস্টেবল নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, দীর্ঘক্ষণ ধরে পরীক্ষা চলার কারণে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে শাহজাদা বুকে ব্যাথা অনুভব করলে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তিনি মারা যান।
চমেক পুলিশ ফাঁড়ির কনস্টেবল পঙ্কজ দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হৃদরোগে আক্রান্ত শাহজাদাকে দুপুর সাড়ে বারোটার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দুপুর একটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে পঙ্কজ দাশ জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে শাহজাদা মারা গেছেন।
পদোন্নতি পরীক্ষার পরীক্ষক চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমেনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকেই অসুস্থ থাকায় শাহজাদা প্যারেডে অংশ নেননি।
তিনি জানান, দুপুর ১২টার দিকে শাহজাদা বুকে তীব্র ব্যাথা অনুভব করেন। দ্রুত তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সিএমপি'র উপ-কমিশনার (সদর) ময়নুল ইসলাম বলেন, শাহজাদা আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। গতবছর তার একবার হার্ট অ্যাটাক হয়। এরপর তার হৃদযন্ত্রে দুটি রিং স্থাপন করা হয়।
দামপাড়া পুলিশ লাইনে জানাজা শেষে শাহজাদার মরদেহ সোমবার সন্ধ্যায় গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা ময়নুল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/২০৩৩ ঘ.
bdnews24