সিরাজগঞ্জ, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সয়দাবাদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাস্থলের কাছে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার চার মামলায় বিএনপি ও জামায়াতের ৭৪ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে করেছে আদালত।
সোমবার সকালে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে তাদের জামিনের আবেদন করা হয়।
শুনানি শেষে হাকিম প্রদীপ কুমার রায় আবেদন নাকচ করে দিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পরিদর্শক মো. মন্নাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারটি মামলায় কারাগারে থাকা ৭৪ আসামির জামিন আবেদনের শুনানির দিন ছিলো সোমবার।
ধার্যদিনে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
১১ অক্টোবর খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে সিরাজগঞ্জের সয়দাবাদ রেলক্রসিংয়ে দ্রুতযান এক্সপ্রেস নামের একটি ট্রেনে কাটা পড়ে অন্তত সাতজন নিহত হয়।
এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রেনটি থামিয়ে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়। ট্রেনটি দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছিলো।
এ ঘটনায় ৮টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতাসহ অজ্ঞাত আরো কয়েক হাজার লোককে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় কয়েকজন নেতা জামিন পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৮১৫ ঘ.
bdnews24