২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিই কুপিয়েছি: মহসিন

বরগুনার কলেজছাত্রী সুমা আক্তারকে কুপিয়ে আহত করার কথা স্বীকার করেছেন মহসিন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 10:44 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

বরগুনা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার কলেজছাত্রী সুমা আক্তারকে কুপিয়ে আহত করার কথা স্বীকার করেছেন মহসিন। তার স্বীকারোক্তি অনুযায়ী সোমবার বরগুনা থানা পুলিশ হরিদ্রাবাড়িয়া গ্রামের আবদুর রাজ্জাক চৌকিদার বাড়ির বাগান থেকে সুমাকে কুপিয়ে হত্যার চেষ্টায় ব্যবহৃত রক্তাক্ত দাটি উদ্ধার করেছে। ওদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে থানার ওসি মো. বাবুল আখতারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবার সকালে বরগুনা সদর উপজেলার ঘটবাড়িয়া আদর্শ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সুমা আক্তার (১৮) ও তার বাবা ইউনুস আলী হাওলাদার ঘটবাড়িয়া গ্রামের আব্দুর রহিম সিকদারের ছেলে মহসিনের (৩০) হামলার শিকার হন। ওই সময় সুমা কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। গুরুতর আহত সুমাকে বরগুনা সদর হাসপাতাল থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার পা জোড়া দেওয়া সম্ভব না হওয়ায় তাকে ঢাকায় ট্রমা সেন্টারে পাঠানো হয়। সুমার মা আকলিমা বেগম জানিয়েছেন, রক্তের অভাবে তার মেয়ের চিকিৎসা থেমে গেছে। সুমার রক্তের গ্র"প এবি পজেটিভ। হামলার ঘটনায় শনিবার রাতে ইউনুস আলী বাদি হয়ে বরগুনা থানায় মামলা করেন। মামলাটি সুষ্ঠুভাবে পরিচালনায় মানুষের জন্য ফাউন্ডেশন, জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও ফারিয়া লারা ফাউন্ডেশন সহযোগিতা করছে। পুলিশ জানিয়েছে, মহসিনের দায়ের কোপে সুমার ডান পায়ের হাঁটুর নিচের অংশ প্রায় পুরোটাই কেটে গেছে। এছাড়া কেটেছে তার ডান হাতও। রোববার সন্ধ্যায় ঝালকাঠি লঞ্চঘাট থেকে মহসনিকে গ্রেপ্তার করে বরগুনায় নিয়ে আসা হয়। সোমবার সকাল ১০টায় বরগুনার পুলিশ সুপার মো. মাহাবুব হাকিম সংবাদ সম্মেলনের আয়োজন করেন। পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মহসিন দাবি করেন, সুমার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো। গত ৬ মাস সুমা তাকে এড়িয়ে অন্য এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তাছাড়া গত ৭ নভেম্বর বরগুনা থানায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করার পরে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছিলো। মহসিন বলেন, "প্রেম প্রত্যাখান করে সুমা আমাকে জুতাপেটা করতে চাইলে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করি।" ঘটনার পর ঝালকাঠি দিয়ে ঢাকায় পালিয়ে যেতে চেয়েছিলেন বলে জানান মহসিন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, সদর থানার ওসি বাবুল আখতার ও গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে বরগুনা থানার ওসি বাবুল আখতারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া মহসিনকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি মোতাবেক ওসি বাবুল আখতারের নেতৃত্বে রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, মামলার তদন্ত চলছে। অপর দুই আসামি আলামিন ও সোহরাবের ব্যাপারেও খোঁজ খবর নেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার বেলা ৩টার দিকে ট্রমা সেন্টারে সুমাকে দেখতে যান। সুুমার মামা আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুমার চিকিৎসার খরচ বহন করা হবে বলে মন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন।" ট্রমা সেন্টারে কর্মরত চিকিৎসক মো. রাশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুমা বাংলাদেশ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মো. কামরুজ্জামানের তত্ত্বাবধানে রয়েছেন। তার অস্ত্রোপচার করা হচ্ছে।" রাশেদ জানান, সুমার হাতের প্লাষ্টিক সার্জারি করবেন অধ্যাপক মো. আবুল কালাম। সুমার বড় বোন রুমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ও তার ছোট বোন শারমিন, ভাই নাঈম গ্রামের বাড়িতে ছিলেন। কিন্তু আলামিন ও সোহরাব ফোনে হুমকি দেওয়ার পর তারা ঢাকায় চলে এসেছেন। সুমার মা আকলিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই মেয়ের পঙ্গুত্বের দায় কে নেবে।" তিনি এ ধরনের অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান করার আবেদন জানান। ওদিকে বরগুনা প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন কামাল ও সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টুর নেতৃত্বে সোমবার এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুমার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/এজে/কেএমএস/২০১১ ঘ.