বগুড়া, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন এক জন।
সোমবার সকাল সাড়ে ৮টায় সারিয়াকান্দি ইউনিয়নের বাগবেড় গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম নূর মোল্লা (৪৮)। হামলায় তার দুই ছেলে ইমরান (২১) ও ইউনুছ (২৩) আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ওসি শাহিদার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই গ্রামের একটি জমি নিয়ে মোস্তাফিজুর রহমানের সঙ্গে তারাজুল ইসলামের বিরোধ ছিলো। বালু রাখার জন্য মোস্তাফিজুরের কাছ থেকে ওই জমি ইজারা নেয় নূর।
তিনি বলেন, "সকালে নূর ও তার ছেলেরা জমিতে বালু রাখতে গেলে তারাজুলের পরিবার বাধা দেয়। ওই সময় তারাজুলের ছেলে রাসেলের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় নূর ও তার দুই ছেলে।"
হাসপাতালে নেওয়ার পথে নূরের মৃত্যু হয়।
এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২০ ঘ.
bdnews24