বাগেরহাট, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয় অন্তত অর্ধশত।
রোববার রাত সাড়ে ৮টায় বাগেরহাট-মাওয়া সড়কে উপজেলার কাহালপুর মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কারো পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা গভীর রাত পর্যন্ত উদ্ধার কাজ চালান। দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় দেড়ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোকুল কৃষ্ণ ঘোষ ও অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট পঙ্কজ রায় ঘটনাস্থলে থেকে উদ্ধার অভিযান তত্ত্বাবধান করেন।
আহতদের মধ্যে রয়েছে- আট বছর বয়সী এক শিশু, ২৫ বছরের এক তরুণ ও একই বয়সী এক তরুণী।
আহতদের মধ্যে অন্তত ৩৭ বাসযাত্রীকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে আছেন- আল আমিন (২৫), ফারুক ফকির (৮০), রফিকুল (৪২), এনামুল হক (৪০), রজব আলী (৩০), রাবেয়া (৪০), হোসনে আরা (৪০), ফাতেমা (৪০), নার্গিম (৩০), লিপি (২০), তুলি (২০), পলি (২২), বেবি বেগম (২৫), খলিল থান (৪০), মাসুমা (৪৫), বাবুল মুন্সী (৪৫), আহম্মদ আলী (৫০) ও মর্জিনা (৪৫)।
বাকিদের নাম জানা যায়নি। তাদের সবার বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায় বলে আহতদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।
বাগেরহাট মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক দ্বীন মোহম্মদ রাত পৌনে ১০টায় ঘটনাস্থল থেকে জানান, বাগেরহাট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাস সাড়ে ৮টার দিকে কাহালপুর পৌঁছলে বিপরীতমুখী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে বাসটি রাস্তার উপর উল্টে যায় এবং ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
পুলিশ ও দমকলের সদস্যরা গ্যাস কাটার দিয়ে বাস কেটে হতাহতদের উদ্ধার করেন।
রাত প্রায় ১০টা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.
bdnews24