২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহবুবের মৃত্যুর ঘটনায় তদন্ত ও বিচার দাবি

সাফ স্বর্ণ জয়ী অ্যাথলেট মাহবুব আলমের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে কিশোরগঞ্জে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 04:20 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

কিশোরগঞ্জ, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাফ স্বর্ণ জয়ী অ্যাথলেট মাহবুব আলমের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে কিশোরগঞ্জে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে জেলা সদরের হারুয়া এলাকার লোকজন কালো ব্যাজ ধারণ ও ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করে। দুপুরে ১১টা থেকে হারুয়া কলেজ রোডে একঘণ্টা মানববন্ধন করে তারা। বিকাল ৪টায় একটি শোকর‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দুপুরে মাহবুবের মা হালিমা বেগম ও ছোট বোন মাহমুদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহবুবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনা ধামাচাপা দিতে তাড়াহুড়া করে ময়নাতদন্ত ছাড়াই লাশ কিশোরগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়। অ্যাথলেটিকস ফেডারেশনের সদস্য নির্বচিত হওয়ায় বিরোধীপক্ষের লোকজন তাকে হত্যা করতে পারে বলে তারা ধারণা করছেন। মাহবুবের ভগ্নিপতি মো. আরজু মিয়া বলেন, মাহবুব নিহত হওয়ার পর অ্যাথলেটিকস ফেডারেশনের কয়েকজন কর্মকর্তা ময়নাতদন্ত না করার জন্য পরিবারের সদস্যদের চাপ দেন। মাহবুবের আরেক ভগ্নিপতি গোলাপ মিয়া অভিযোগ করেন, কুমিল্লায় যাওয়ার নামে মাহবুবকে সু-পরিকল্পিতভাবে হত্যা করা হয়। তিনি বলেন, মাইক্রোবাসে ইয়াহিয়াসহ আরো লোক ছিল। কিন্তু মাহবুব মারা যাওয়ার পর তাদের আচরণ রহস্যজনক। তাদের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি। মাহবুবের স্ত্রী স্বপ্না, মা হালিমা ও বোন মাহমুদা বেগম শনিবার রাতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান এবং পুলিশ সুপার মীর রেজাউল আলমের কাছে মৌখিকভাবে এ হত্যার অভিযোগ করেন। রোববার বাদ জোহর কিশোরগঞ্জের পাগলা মসজিদে শেষ জানাযা শেষে লাশ দাফনের কথা থাকলেও হয়নি। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। শনিবার সকালে কুমিল্লা থেকে ঢাকা ফেরার পথে কাঁচপুরে মাহাবুবের মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন মাহাবুব। ওই রাতেই লাশ কিশোরগঞ্জ আনা হয়। রাত সাড়ে ৮টায় প্রথমে নেওয়া হয় শহরের বত্রিশ এলাকার শ্বশুড় বাড়িতে। সেখান থেকে নেওয়া হয় কিশোরগঞ্জ স্টেডিয়ামে। তাকে এক নজর দেখতে তার সহপাঠী খেলোয়াড়সহ শত শত মানুষ ছুটে আসেন স্টেডিয়ামে। অনেকেই এ সময় কান্নায় ভেঙে পড়েন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান, পুলিশ সুপারিনটেনডেন্ট মীর রেজাউল আলমসহ ক্রীড়া সংশ্লিষ্টরা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাত ৯ টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে নামাজে জানাযায় শত শত মানুষ অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৭ ঘ.