ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাব পরিচয়ে ভাড়া দোকান ছেড়ে দেওয়ার হুমকি, মারধর ও ভাংচুরের অভিযোগে একটি সাধারণ জিডি করেছেন এক বুটিক ব্যবসায়ী।
অপরদিকে ওই ব্যাবসায়ীর বিরুদ্ধে মারধর ও হত্যার হুমকির অভিযোগ এনে জিডি করেছেন ওই দোকানের মালিকের মেয়ে।
রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানায় এ দু'টি সাধারণ ডায়েরি করা হয়।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোছলেহ উদ্দীন জানান, মোহাম্মদপুরের ২২/৬ তাজমহল রোডের বুটিক ব্যবসায়ী তালহা বিন ছামস একটি জিডি করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জিডিতে তালহা অভিযোগ করেন, শনিবার রাত ১১টার দিকে ৩-৪ জন যুবক তার দোকানে এসে দোকানটি ছেড়ে দিতে বলেন।"
জিডিতে বলা হয়, এ সময় তাকে মারধর ও দোকান ভাংচুর করা হয়।
ওই যুবকরা নিজেদের র্যাব সদস্য দাবি করে ক্যাপ্টেন বদরুল, ক্যাপ্টেন তাহসিন ও মেজর মোস্তাফিজ হিসাবে পরিচয় দেয়।
এসআই জানান, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অপর একটি জিডি করেন ভাড়া দেওয়া দোকানটির মালিকের মেয়ে ক্যামেলিয়া মোর্শেদ।
জিডিতে ক্যামেলিয়া অভিযোগ করেন, শনিবার রাতে তিনি মাকে সঙ্গে নিয়ে ভাড়াটে তালহাকে দোকান ছেড়ে দিতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে তালহা ও দোকানের এক কর্মচারী তাদের মারধর করে।
এ সময় তারা নিজেরাই দোকানের গ্লাস ভাংচুর করে অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা করে।
এছাড়া তালহা তাদেরকে হত্যার হুমকি দিয়েছে বলেও জিডিতে উল্লেখ করা হয়।
মোহাম্মদপুর থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, "শনিবার রাত দেড়টার দিকে তাজমহল রোডের ওই বাসায় গণ্ডগোলের কথা শুনে আমরা সেখানে যাই।
সেখানে তালহার সঙ্গে তিন সেনা কর্মকর্তাকে তর্ক করতে দেখে আমরা মিলিটারী পুলিশকে খবর দেই। পরে মিলিটারী পুলিশ এসে ওই তিন সেনা কর্মকর্তাকে নিয়ে যায়।"
এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক শাহিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ব্যাপারে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেবি/এইচএ/২১০৯ ঘ.
bdnews24