চট্টগ্রাম, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট চিকিৎসকের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. আবু তৈয়ব।
রোববার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম মাহাবুবুর রহমানের আদালতে আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আট নেতার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন তিনি।
সিভিল সার্জন আবু তৈয়ব আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসক সংগঠনের নেতা । আওয়ামী লীগ দলীয় মহিলা সাংসদ চেমন আরা তৈয়ব তার স্ত্রী।
মামলায় স্বাচিপের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শাখার সভাপতি মজিবুল হক খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্ম সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, সহ-সভাপতি ডা. মাহবুবুল আলম, বিএমএর পাঠাগার সম্পাদক ডা. মুইজ্জুল আকবর চৌধুরী, দপ্তর সম্পাদক ডা. আবুল হোসেন শাহীন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. বিশ্বজিৎ দত্ত ও সদস্য ডা. মনোয়ারুল হক শামীম এবং স্বাচিপ চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব ডা. মো. শরীফকে বিবাদী করা হয়েছে।
মানিহানিকর ও কুরুচিপূর্ণ পোস্টার ছাপানোর অভিযোগে এ মামলা করা হয় বলে জানিয়েছেন বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
মামলার আরজিতে বলা হয়, গত ২২ নভেম্বর রাতে চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের বিশ্রাম কক্ষ থেকে ডা. আবু তৈয়বের বিরুদ্ধে মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য সংবলিত ছাপানো কিছু পোস্টার পুলিশ জব্দ করে। পরদিন সকালে পোস্টার জব্দের প্রতিবাদে উল্লেখিত বিবাদিরা হাসপাতালে এক সভার আয়োজন করে।
জব্দ করা পোস্টার ফেরত দেওয়া হয় বলেও সভায় দাবি করা হয়। পরে ওই সভার প্রেস বিজ্ঞপ্তি বিভিন্ন সংবাদপত্রে পাঠানো হয়। তাতে বিবাদি আট চিকিৎসকের নামও ছিল।
পরে পোস্টারগুলো মেডিকেল কলেজ ক্যাম্পাসের দেওয়ালে সাঁটানো হয়। এবিষয়ে একাধিকবার পুলিশের বিভিন্ন মহলে পদক্ষেপ নেওয়ার জন্য জানানো হয় বলে আরজিতে বাদি আবু তৈয়ব উল্লেখ করেন।
এ বিষয়ে মামলার অন্যতম বিবাদী ডা. ফয়সাল ইকবাল সাংবাদিকদের জানান, মামলা করার বিষয়টি শুনেছি। আইনগতভাবে তা মোকাবেলা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৯৪৫ ঘ.
bdnews24