ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ বিভাগের কর্মীদের কাজে উদ্দীপনা সৃষ্টি এবং গ্রাহকদের সচেতন করতে সরকার জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালন করতে যাচ্ছে।
আগামী ৮ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো এ বিদ্যুৎ সপ্তাহ শুরু হচ্ছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করবেন। তবে এর আগে জাতীয় সংসদ ভবন থেকে একটি র্যালি বের করা হবে।
এখন থেকে প্রতি বছর নভেম্বর বা ডিসেম্বর মাসের সুবিধাজনক সময়ে এ সপ্তাহ পালন করা হবে। বিদ্যুৎ সাশ্রয় ও গ্রাহকদের সচেতন করে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মীদের কাজে উদ্দীপনা সৃষ্টি, কাজের গুণগত মান উন্নয়ন ও বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমে বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষকে সম্পৃক্ত করতে এ সপ্তাহ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব কার্যক্রমের জন্য সংশ্লিষ্টদের এ সময় সরকারের পক্ষ থেকে পুরস্কৃতও করা হবে।
যেসব ক্ষেত্রে পুরস্কার দেওয়া হবে, তা হলো- সেরা বিদ্যুৎ কর্মী, সেরা প্রকল্প পরিচালক, সেরা বিদ্যুৎ ইউনিট, বিদ্যুৎ বিষয়ে সেরা পত্রিকা ও ইলেকট্রনিক প্রতিবেদন, প্রতি বিভাগের একজন করে সেরা বিদ্যুৎ গ্রাহক, বিদ্যুৎ সংক্রান্ত সেবা গবেষণা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা।
উপজেলা থেকে কেন্দ্রীয় পর্যায়ে গঠিত কমিটির মাধ্যমে সেরা প্রতিযোগীদের নির্বাচন করা হবে। পত্রিকা ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিবেদনের জন্যও পুরস্কার নির্বাচন করবে একটি কেন্দ্রীয় কমিটি।
পাঁচ দিনব্যাপী জাতীয় বিদ্যুৎ সপ্তাহে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে র্যালি, বিদ্যুৎ মেলা ও বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতির প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হবে।
এছাড়াও গ্রাহক সমাবেশ, লিফলেট বিতরণ, 'ওয়ান পয়েন্ট সার্ভিস সেন্টার' স্থাপন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা, বিল আদায়ে গ্রাহকদের উদ্বুদ্ধ করা ও বিদ্যুৎ নিরাপত্তা কর্মীদের মহড়ার আয়োজন থাকবে এ উপলক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮২১ ঘ.
bdnews24