পটুয়াখালী, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর বাউফল উপজেলায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
রোববার সকাল ৬টার দিকে কালিশুরি ইউনিয়নের সিংহেরাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন নিহত মো. নূর মোহাম্মদ খন্দকারের (৭৫)
স্বজনেরা।
নিহতের ছেলে ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন, সকালে তার বাবা অজু করে পাশের বাড়ির মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল। বাড়ি থেকে রাস্তায় বের হলেই সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। তার মাথা ও শরীরে ১৫ থেকে ২০টি কোপের চিহ্ন রয়েছে।
গুরুতর আহত নূর মোহাম্মদকে বেলা সাড়ে ১০টার দিকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
ইসমাইল বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩৪০ ঘ.
bdnews24