গাইবান্ধা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১ সালের ৪ ডিসেম্বর গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা হানাদারমুক্ত হয়েছিল।
শনিবার দিনটি পালন উপলক্ষে সাঘাটা উপজেলার ধনারুহা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক মুক্তিযোদ্ধা সংবর্ধনা, স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সংবর্ধনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মো. জসিম উদ্দিন বলেন, 'রোস্তম কোম্পানির' মুক্তিযোদ্ধারা '৭১ সালের ৪ ডিসেম্বর ভোরে ফুলছড়ি থানায় উপর্যুপরি গ্রেনেড হামলা চালায়। প্রাণভয়ে পাকসেনারা সেখান থেকে পালিয়ে গোবিন্দি ওয়াপদা বাঁধের আশপাশে আশ্রয় নেয়।
পরে সেখানে মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাদের প্রায় একঘণ্টা যুদ্ধ হয়। যুদ্ধে ২২ পাকসেনা এবং ৫ জন মুক্তিযোদ্ধা নিহত হয়।
এরপর পাকসেনারা সাঘাটা থেকে পালিয়ে গেলে ফুলছড়ি ও সাঘাটায় বিজয় পতাকা তোলা হয়।
ওইদিন শহীদ হন- মুক্তিযোদ্ধা জাহেদুল রহমান বাদল, আফজাল হোসেন, কাবেজ আলী, ওসমান গনী ও আব্দুস সোবাহান।
ধনারুহা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে তাদের সমাহিত করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংসদ ফজলে রাব্বী মিয়া, কর কমিশনার সৈয়দ মো. মাহববুর রহমান, সাঘাটা উপজেলা চেয়ারম্যান এএইচএম গোলাম শহীদ রঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নাজমুল আরেফিন তারেক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৫ ঘ.
bdnews24