২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিমন্ত্রীর গাড়ি ভাংচুর: গ্রেপ্তার ৫

শেরপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর গাড়ি ভাংচুর ও হামলার মামলায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2010, 03:03 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

শেরপুর, ডিসেম্বর ০২ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর গাড়ি ভাংচুর ও হামলার মামলায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সদর উপজেলার চরবাবনা গ্রাম থেকে গ্রেপ্তাররা হলেন- হাছেন আলী (৩০), মুসলি (৩২), স্বপন মিয়া (২৩), শাহাদত হোসেন (৪০) ও আরশাদ আলী (৩৮)। এদের সবার বাড়ি চরবাবনা গ্রামে। বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বুধবার সদর উপজেলার কামারের চর কলেজ মাঠে পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের গাড়ি ভাংচুর করা হয়। ওই ঘটনায় বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে সদর থানায় দু'টি এবং আদালতে একটি মামলা হয়। এর মধ্যে পুলিশের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। সদর থানার ওসি আক্রাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে গ্রামের বাড়ি থেকে আটক করে তাদের পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রাতের মামলায় সদর থানায় সন্ত্রাস দমন আইনে পুলিশের করা মামলায় উপজেলা চেয়ারম্যান ইলিয়াস উদ্দিনসহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪০০ জনকে আসামি করা হয়েছে। পরদিন সকালে কামারের চর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শফিকুল ইসলামের করা মামলায় উপজেলা চেয়ারম্যানসহ ৪৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫০ জনকে আসামি করা হয়। শেরপুরের বিচার বিভাগীয় হাকিম আদালতে আরেকটি মামলা করেছেন মো. মোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তি। তিনি ইলিয়াস সমর্থক বলে পরিচিত। বুধবার সদর উপজেলার কামারের চর কলেজ মাঠে পানিসম্পদ প্রতিমন্ত্রীর সভা শেষে মঞ্চের কাছে উপজেলা চেয়ারম্যান ইলিয়াস অন্য একটি সভা করার সময় সংঘর্ষ বাধে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও উপজেলা চেয়ারম্যান সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ইলিয়াস ও তিন সাংবাদিকসহ ২৫ জন আহত হয়। পরে যাওয়ার সময় পানিসম্পদ প্রতিমন্ত্রীর গাড়ির বহরে হামলা চালিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ও সাংবাদিক বহনকারী গাড়ি ভাংচুর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৪ ঘ.