নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৃহস্পতিবার রাতে একটি বাসে ডাকাতি হয়েছে।
ঢাকা থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজার যাওয়ার সময় সোনারগাঁওয়ের বস্তল এলাকায় ডাকাতরা যাত্রীদের সর্বস্ব লুটে নেয়।
ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে যাত্রীরা বাসের চালক খোকন ও তার সহকারী নূর মিয়াকে বাসসহ আড়াইহাজার থানায় সোর্পদ করেছে।
বাস যাত্রীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত ৯টার দিকে ঢাকা থেকে অভিলাষ পরিবহনের যাত্রীবাহী বাসটি ছেড়ে আসে। পথে যাত্রীবেশী ১০-১২ জন ডাকাত বাসে উঠে।
বস্তল এলাকায় আসার পর ডাকাতেরা অস্ত্রের মুখে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের সর্বস্ব ছিনিয়ে নেয় এবং বাস থেকে নেমে যায়।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম জানান, ঘটনাটি সোনারগাও থানা এলাকায় ঘটেছে। বিষয়টি সোনারগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত বাসচালক ও তার সহকারীকে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৯ ঘ.
bdnews24