কিশোরগঞ্জ, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ওষুধসহ কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় এক চিকিৎসা কর্মকর্তাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
শুক্রবার দুপুরে উপজেলার দেওঘর এলাকায় লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়।
আটক ডা. আকবর আলী ভূইয়া উপজেলার দেওঘর ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আকবর আলী এক কার্টন সরকারি ওষুধ নিয়ে নদীর ঘাটে লঞ্চের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় এলাকাবাসী তাকে ধরে পুলিশে খবর দেয়।
অষ্টগ্রাম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
থানার ওসি আমজাদ হোসেন বলেন, ওষুধ পাচারের ঘটনায় সন্ধ্যায় দেওঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাপ্তান আলী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
ওই ওষুধের মূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে জানান তিনি।
চেয়ারম্যান কাপ্তান আলী বলেন, ডা. আকবর আলী ভূইয়া এর আগেও কয়েকবার ওষুধ চুরির সময় হাতেনাতে ধরা পড়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.
bdnews24