ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যায়বিচারের 'স্বার্থে' কোনো মামলা নিয়ে প্রকাশিত সংবাদের দিকে নজর না দিতে বিচারকদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন, বিচারাধীন বিষয়ে বেশি লেখালেখি সমীচীন নয়।
শুক্রবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা বিচারক সমিতির বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খায়রুল হক বলেন, "দেশের মানুষের বিচার ব্যবস্থা ও বিচারকদের ওপর আস্থা রয়েছে। এ বিশ্বাস যাতে ভেঙে না পড়ে সে জন্য সচেষ্ট থাকতে হবে।"
বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, "কোনো কোনো মামলায় বেশি প্রচারণা হয়। বিচারের স্বার্থে প্রচারণা শুনবেন না। বিচারাধীন বিষয়ে বেশি লেখালেখি করা সমীচীন নয়।"
"বিচারকরা বাইরের প্রচারণা শুনে ন্যায়বিচার নিশ্চিত করতে না পারলে সমাজের জন্য অনেক ক্ষতিকর হবে", বলেন তিনি।
সম্মেলনে সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন বিচারক বক্তব্য রাখেন।
আপিল বিভাগের বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেন, "বিচার অঙ্গনে নানা সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যেই বিচারপ্রার্থীর সুবিচার পাওয়ার প্রত্যাশা নিশ্চিত করতে হবে।"
বিচার বিভাগের ওপর অনেক আঘাত আসছে- এ মন্তব্য করে আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহা বলেন, "বিচার বিভাগে কঠিন সময় অতিবাহিত হচ্ছে। এটা সমাজের জন্য মঙ্গলজনক নয়।"
নিু আদালতের বিচারকদের মতো সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও সম্পদের হিসাব দেওয়ার আহবান জানান তিনি।
বাংলাদেশ মহিলা বিচারক সমিতির সভাপতি কানিজ আক্তার নাসরিনা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা, সমিতির মহাসচিব শারমিন নিগার প্রমুখ। সম্মেলনে সারা দেশের শতাধিক মহিলা বিচারক অংশ নেন।
বিবিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৯৪৫ ঘ.
bdnews24