সাভার (ঢাকা), ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছে একজন।
শুক্রবার ভোররাতে ডেন্ডাবর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত আলমগীর হোসেনের (২৭) বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান কৌশিক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৪টার দিকে একদল সশস্ত্র ডাকাত ডেন্ডাবর এলাকার আবুল কাশেমের বাড়িতে হানা দেয়। ওই সময় ওই বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে।
ডাকাত দল পালাতে গেলে গ্রামবাসী ধাওয়া করে আলমগীরকে ধরে ব্যাপক মারধর খরে বলে পুলিশ কর্মকর্তা কৌশিক জানান। পুলিশ আলমগীরকে জনতার হাত থেকে উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে। সেখানে সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ডাকাতদের তিনটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩০ ঘ.
bdnews24