বান্দরবান, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবান সদর উপজেলার একটি ইউনিয়নের ২১টি প্রতিবন্ধী শিশু সরকারি বা বেসরকারি কোনো ধরনের সহায়তা পাচ্ছে না বলে জানিয়েছে তাদের পরিবার।
পরিবারগুলোর দাবি, তিন থেকে ১০ বছর বয়সী এই শিশুদের খবর কেউ রাখে না। সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের তালিকায় তাদের নাম নেই। সেই কারণে তারা কোনো সহায়তাও পায় না।
এলাকাবাসী জানায়, সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের তঞ্চঙ্গ্যা পাড়ার ৬৮টি পরিবারে ১৪টি প্রতিবন্ধী শিশু রয়েছে। এর মধ্যে নয়টি শিশু জন্মের পর অসুস্থ হয়ে এবং বাকিরা জন্মগতভাবে প্রতিবন্ধী। ওই পাড়ায় একই পরিবারে এক ভাই ও এক বোন প্রতিবন্ধী। অপরদিকে মারমাপাড়ায় রয়েছে সাত প্রতিবন্ধী শিশু।
তঞ্চঙ্গ্যা পাড়ার প্রতিবন্ধী শিশু উত্তম তঞ্চঙ্গ্যার (৮) মা চন্দ্রাবতী তঞ্চঙ্গ্যা সাংবাদিকদের জানান, তিন বছর বয়সে ছেলের জ্বর হওয়ার পর তার পা বাঁকা হয়ে যায়।
একই পাড়ার জারিমোহন তঞ্চঙ্গ্যার মেয়ে কানুপতি (১০) জন্মান্ধ। সুবল তঞ্চঙ্গ্যার মেয়ে চম্পা (৮) জন্মের পর জ্বর হয়ে শারিরীক প্রতিবন্ধিতার শিকার।
ওই পাড়ার চৌদ্দধন তঞ্চঙ্গ্যার মেয়ে সিকাবী (১০) ও ছেলে সুকেল (৪) অসুখ হওয়ার পর চোখে সমস্যা দেখা দিয়েছে।
তাদের মা মুকেরি তঞ্চঙ্গ্যার জানান, তারা দিনে সামান্য চোখে দেখলেও রাতে কিছুই দেখতে পায় না।
জেলা সমাজ সেবা বিভাগের জরিপ অনুযায়ী পুরো জেলায় তিন হাজার ১২০ জন প্রতিবন্ধী রয়েছে। এদের অধিকাংশই সরকারি বিভিন্ন সহায়তা পায়। এছাড়া বেসরকারি সংস্থা (এনজিও) থেকেও তাদের সহায়তা দেওয়া হয়।
তবে সরকারি ও এনজিওগুলোর হিসেবে প্রতিবন্ধীদের সংখ্যার গড়মিল রয়েছে।
জেলা সমাজসেবা শিক্ষানবীস কর্মকর্তা মিল্টন মুহুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমাজ সেবা বিভাগের মাঠ কর্মীদের জরিপ অনুযায়ী জেলায় প্রতিবন্ধীর সংখ্যা তিন হাজার ১২০।
তিনি বলেন, "এদের মধ্যে দুই হাজার ৪৭ জনকে স্বল্প সুদে ঋণ, ৭১৪ জনকে ভাতা ও ৭৫ প্রতিবন্ধী শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হয়।"
তবে এটি একটি চলমান প্রক্রিয়া জানিয়ে মিল্টন বলেন, মাঠকর্মীরা এলাকায় গিয়ে বাড়ি বাড়ি জরিপ কার্যক্রম চালিয়ে থাকে। ফলে প্রতিবন্ধীর তালিকা প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে।
তবে প্রতিবন্ধীদের সংখ্যা নিয়ে সরকারি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) হিসাবে ফারাক রয়েছে।
বান্দরবানে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে ডিজঅ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (বান্দরবান ডিপিওডি) ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থা (প্রকস) নামে দুটি এনজিও।
এরমধ্যে ডিপিওডি শুধুমাত্র বান্দরবান সদর উপজেলায় কাজ করে। প্রকস পুরো জেলা নিয়ে কাজ করে।
সমাজ সেবা বিভাগের হিসেবে বান্দরবান সদর উপজেলায় রয়েছে ৩৫০ জন প্রতিবন্ধী। এর সঙ্গে দ্বিমত পোষণ করে ডিপিওডির পরিচালক ছাগ্যহ্লা চাক চিকু জানান, সদর উপজেলাতে ৫৬২ জন প্রতিবন্ধী রয়েছে।
এরা ডিপিওডি'র বিভিন্ন সুবিধা ভোগ করেন বলে জানান তিনি।
জেলা সমাজসেবা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক বাকালী নিতাই চন্দ্র জানান, মূলত স্বাস্থ্য সচেতনতা এবং দারিদ্রতার কারণে বান্দরবানে প্রতিবন্ধীর সংখ্যা বাড়ছে।
বান্দরবান সদর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কৃষ্ণ কান্তি দাশ বলেন, "জন্মগত ছাড়া পরবর্তীতে যারা প্রতিবন্ধী হয় তাদের বেশির ভাগই পুষ্টিহীনতা ও সচেতনতার কারণে হয়ে থাকে। এ ক্ষেত্রে দারিদ্র্যই প্রধান কারণ।"
দরিদ্র পরিবারে আর্থিক সহায়তা দেওয়া হলে শিশুরা প্রতিবন্ধী হওয়া থেকে রক্ষা পাবেন বলেও জানান তিনি।
তিনি বলেন, "সরকারি এবং বেসরকারিভাবে সচেতনতার বাড়ালে দুর্গম এলাকায় প্রতিবন্ধিত্ব নিয়ন্ত্রণ করা সম্ভব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/০০০১ ঘ.
bdnews24