২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শায়খ রহমানের ছোট ভাই ফের গ্রেপ্তার

শীর্ষ জঙ্গি নেতা শায়খ আব্দুর রহমানের ছোট ভাই মাওলানা ওবায়দুর রহমান ইবনে আব্দুল্লাহকে (৫০) আবার গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 04:56 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

গোপালগঞ্জ, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শীর্ষ জঙ্গি নেতা শায়খ আব্দুর রহমানের ছোট ভাই মাওলানা ওবায়দুর রহমান ইবনে আব্দুল্লাহকে (৫০) আবার গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ পুলিশ। বুধবার রাতে শহরের ইসলামপাড়া এলাকা থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি জামালপুর জেলার চরশি খলিফা গ্রামে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গোপালগঞ্জের বিচার বিভাগীয় হাকম আদালতে হাজির করা হয়। হাকিম দিলীপ কুমার ভৌমিক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০১ সালের ৩ জুন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গীর্জায় হামলার মামলায় ওবায়দুর গোপালগঞ্জ কারাগারে ছিলেন। ওই হামলায় ১০ জন মারা যায়। ওসি জানান, হাইকোর্ট থেকে জামিন নিয়ে বুধবার কারাগার থেকে মুক্তি পান ওবায়দুর। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) প্রধান শায়খ আব্দুর রহমানকে একটি হত্যা মামলায় ২০০৭ সালের ৩০ মার্চ ফাঁসি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫২ ঘ.