২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেল প্রকল্পের দরপত্রে অংশ নেবে শুধু ভারতীয় কোম্পানি

ভারতীয় ঋণের অর্থে বাংলাদেশ রেলওয়ের জন্য ৫০টি ফ্লাট ওয়াগন ও ৫টি বগি ব্রেক ভ্যান কেনার জন্য শুধুমাত্র ভারতীয় কোম্পানিগুলোর কাছে দরপত্র আহ্বান করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 03:59 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় ঋণের অর্থে বাংলাদেশ রেলওয়ের জন্য ৫০টি ফ্লাট ওয়াগন ও ৫টি বগি ব্রেক ভ্যান কেনার জন্য শুধুমাত্র ভারতীয় কোম্পানিগুলোর কাছে দরপত্র আহ্বান করা হয়েছে। কোম্পানিগুলোকে আগামী ৬ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দরপত্র জমা দিতে বলা হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসেও কেবল ভারতীয় কোম্পানির অংশগ্রহণের সুযোগ রেখে ভারতের কাছ থেকে পাওয়া ঋণের অর্থে ১০টি ইঞ্জিন কেনার জন্য দরপত্র আহ্বান করেছিল রেলওয়ে। গত ৭ অগাস্ট ভারতের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণ চুক্তি সই করে বাংলাদেশ। এই ঋণের অর্থে ১৪টি প্রকল্প বাস্তবায়িত হবে। যার মধ্যে রয়েছে বাংলাদেশ রেলওয়ের পাঁচটি উন্নয়ন প্রকল্প। বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) প্রধান যন্ত্র প্রকৌশলী মো. শামসুজ্জামান জানান, এই ফ্লাট ওয়াগন ও বগি ব্রেক ভ্যানগুলো চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতে (আইসিডি) কন্টেইনার পরিবহনের কাজে ব্যবহার করা হবে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৫০টি ফ্লাট ওয়াগন ও ৫টি বগি ব্রেক ভ্যান কেনার জন্য ইতিমধ্যেই আমরা দরপত্র আহ্বান করেছি। দরপত্রে শুধুমাত্র ভারতীয় উৎপাদনকারী অথবা সরবরাহকারীরাই অংশ নিতে পারবেন।" এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা এস কে চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঋণের শর্তে এরকমই বলা আছে।" গত ১৭ অগাস্ট ভারতীয় ঋণের অর্থে নদী খননের জন্য ছয়টি ড্রেজার কিনতে ৪৭২ কোটি টাকা অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। পরবর্তীতে গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ রেলওয়ের জন্য ৮৩৭ কোটি টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন করে একনেক। এরমধ্যে ভারতীয় ঋণের ৫৯১ কোটি টাকা রয়েছে। এরমধ্যে ৫০টি ফ্লাট ওয়াগন ও পাঁচটি বগি ব্রেক ভ্যান কেনার প্রকল্পে ৩১ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়। বাকি চারটি প্রকল্পের মধ্যে রয়েছে ২০৯ কোটি টাকা ব্যয়ে ১০টি ব্রড গেজ ইঞ্জিন, ৩৫৩ কোটি টাকা ব্যয়ে ১২৫টি যাত্রী কোচ, ১৭৮ কোটি টাকা ব্যয়ে ১৮০টি তেল বহনকারী ট্যাংক ওয়াগন ও ৬৬ কোটি টাকা ব্যয়ে জুরাইন রেল ক্রসিং ও উড়ালপথ নির্মাণ। এসকে চক্রবর্তী বলেন, "ভারতীয় ঋণের অর্থে ইতোমধ্যে ১০টি লোকোমোটিভ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। পরবর্তীতে অন্য প্রকল্পগুলোর দরপত্র আহ্বান করা হবে।" ঢাকা-চট্টগ্রাম রুটে কন্টেইনার বহনের জন্য ফ্লাট ওয়াগনের অভাব রয়েছে জানিয়ে তিনি বলেন, "এর আগে আমরা ৫০টি ফ্লাট ওয়াগন কিনেছি। এবার ৫০টি এলে এ অভাব কমবে।" প্রধান যন্ত্র প্রকৌশলী শামসুজ্জামান জানান, ৫০টি ফ্লাট ওয়াগন ও পাঁচটি বগি ব্রেক ভ্যান কেনার জন্য উন্মুক্ত দরপত্র জমা দেওয়া শুরু হবে আগামী ৬ ডিসেম্বর থেকে। জমা দেওয়ার শেষ দিন আগামী ২৪ জানুয়ারি। তিনি জানান, দরপত্র জমা দেওয়ার শেষ দিন দরপত্র খোলা হবে। এর মূল্যায়ন শেষে কার্যাদেশের চুক্তি সাক্ষর করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এইচএ/২১৪৫ ঘ.