কুড়িগ্রাম, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভালনার্যাবল গ্র"প ডেভেলপমেন্ট (ভিজিডি) প্রকল্পের কার্ড তৈরি নিয়ে মতবিরোধের জেরে কুড়িগ্রামে ইউনিয়ন পরিষদের এক মহিলা সদস্যকে পিটিয়েছে দুই পুরুষ সদস্য।
বুধবার দুপুরে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে।
আহত ইউপি সদস্য সবুরা খাতুনকে (৪৫) রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য।
চেয়ারম্যান আব্দুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, "পরিষদ সদস্যদের এ রকম আচরন দুঃখজনক। বিষয়টি মীমাংসার চেষ্টা করছি।"
রৌমারী থানার এসআই আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, হামলাকারী ৪ নম্বর ওয়ার্ড সদস্য হায়দার আলী মন্টু ও ৭ নম্বর ওয়ার্ড সদস্য এনামুল হকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, ২০১১-২০১২ অর্থবছরের ভিজিডি কার্ডের তালিকা তৈরির সভায় হায়দার ও এনামুলের সঙ্গে সবুরার বাগবিতণ্ডতা হয়। এক পর্যায়ে হায়দার ও এনামুল তাকে মারধর করেন।
আহত সবুরা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভিজিডি কার্ড মহিলা সদস্যদের জন্য বরাদ্দ না করে পুরোটাই চেয়ারম্যান ও পুরুষ সদস্যরা ভাগ-বাটোয়ারা করে নিতে চাইলে আমি তার প্রতিবাদ করি।
"এ কারণে তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালায়।"
এসআই আমিনুল বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ভিজিডি প্রকল্পটি বাস্তবায়ন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮১৫ ঘ.
bdnews24