২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মাস নিখোঁজ এক কলেজছাত্রীর লাশ উদ্ধার

দুই মাস নিখোঁজ থাকা এক কলেজছাত্রীর লাশ সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন এক আসামীর মাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2010, 01:21 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই মাস নিখোঁজ থাকা এক কলেজছাত্রীর লাশ সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন এক আসামীর মাকে। মৌসুমী আক্তার (১৮) নামে ওই কলেজছাত্রীর লাশ সোমবার বিকেলে সাভার থানা স্বাস্থ্যকেন্দ্র থেকে উদ্ধার করে আশুলিয়া থানার পুলিশ। তিনি মানিকগঞ্জের ঘিওর সরকারী কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তার বাবার নাম আলী আকবর। নিখোঁজ হওয়ার আগে একবার অপহৃত হন মৌসুমী। তার মৃত্যুর ঘটনায় অপহরণকারী রেজাউল করিম পলাশসহ নয়জনকে আসামি করে সোমবার রাতে আশুলিয়া থানায় হত্যামামলা করেছেন আলী আকবর। সোমবার রাতে পলাশের মা জাহানারা বেগমকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। আশুলিয়া থানার উপ-পরিদর্শক মাহফুজা খানম জানান, সোমবার দুপুরে কে বা কারা সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে মৌসুমীর লাশ ফেলে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃতের চাচাতো ভাই মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৬ সেপ্টেম্বর মৌসুমী নিখোঁজ হয়। সোমবার তাদের এক আত্মীয়র মাধ্যমে খবর পেয়ে তারা আশুলিয়া থানায় এসে মৌসুমীর লাশ শনাক্ত করেন। মোজাম্মেল আরো জানান, গত ২৬ অগাস্ট ঘিওরের পূর্ব পাড়ার আব্দুর রহমানের ছেলে রেজাউল করীম পলাশ তার সহযোগিদের নিয়ে মৌসুমীকে অপহরণ করে। এ ঘটনায় পলাশসহ সাত-আটজনকে আসামী করে ঘিওর থানায় মামলা করা হয়। অপহরণের আট দিন পর পুলিশ মৌসুমীকে উদ্ধার করে। পলাশ ও তার সহযোগীরা মৌসুমীকে হত্যা করে সাভার থানা স্বাস্থ্যকেন্দ্রে লাশ রেখে পালিয়ে গেছে বলে দাবি করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/১৯১১ ঘ.