ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- ঢাকায় ছেলের দায়ের কোপে নুরজাহান বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে রায়েরবাগ মিয়াজনগরে এ ঘটনা ঘটে। স্ত্রী নূরজাহানকে হারিয়ে ছেলে শোভনের (২৪) বিরুদ্ধে মামলা করেছেন মাহমুদুর রহমান।
কদমতলী থানার উপপরিদর্শক সুজিত কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছেলে শোভনের দায়ের কোপে নুরজাহানের মৃত্যু হয়েছে। নিহতের স্বামী মাহমুদুর রহমান বাদি হয়ে শোভনকে আসামি করে একটি হত্যামামলা দায়ের করেছেন।"
নিহতের দেবর মিজান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১০টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে শোভন ধারালো দা দিয়ে নুরজাহানের গলায় কোপ দেয়।"
নুরজাহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে শোভন পলাতক বলে পুলিশ এবং পরিবারের সদস্যরা জানান।
বিমানবাহিনীর সাবেক কম্পিউটার অপারেটর শোভন দুই বছর আগে চাকরি ছেড়ে দেন। তিনি মানসিক সমস্যায় ভুগছেন বলে জানান মিজান।
মিয়াজনগর এলাকার বাসিন্দা মাহমুদুর ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ধোলাকান্দি গ্রামে।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/এসআই/এএইচ/এমআই/১৭২০ ঘ.
bdnews24