নড়াইল, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল সদর উপজেলায় নছিমন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
নিহতরা হলেন-ভিম সিংহ (৭৫) ও মহিতোষ বিশ্বাস (৪০)। তাদের বাড়ি সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মিতনা গ্রামে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে তুলারামপুরে নড়াইল-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নড়াইলের তুলারাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তুলারামপুর সেতুতে নড়াইলগামী একটি নছিমনের সঙ্গে যশোরগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভিম নিহত হয়।
তিনি বলেন, "নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে মারা যান মহিতোষ।"
আহতদের মধ্যে দিপক সিংহ (৫৪), পলাশ সিংহ (৪০), ডালিম বিশ্বাস (৩৫), জয়ানন্দ বিশ্বাস (৩০), তপন বিশ্বাস (৪৫), কুমারেশ সিকদার (৪০), উত্তম মণ্ডল (৫০), সলোকা বিশ্বাস (৩৫), ইউনুচ মিয়া (৫০), বিপুল সেন (৪০) ও অজ্ঞাতনাম একজনকে (৪২) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/আরএ/১৫৫৭ ঘ.
bdnews24