চট্টগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবারের হরতালের সমর্থনে কড়া পুলিশ পাহারায় নগরীতে মিছিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
এদিকে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউরী এলাকায় সন্ধ্যায় বিএনপি'র মিছিল শেষে মো. রায়হান (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতয়ালী থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই নাজনীন সুলতানা যুঁথী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি'র মিছিল শেষ হবার পর পুনরায় মিছিল করার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার বিকালে মহানগর বিএনপি সভাপতি আমীর খসরু চৌধুরী মাহমুদ চৌধুরীর নেতৃত্বে মিছিলটি নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরীর লাভ লেইন, জুবিলী রোড, এনায়েত বাজার হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে আমীর খসরু মঙ্গলবারের হরতাল সফল করতে দলের সবার প্রতি আহবান জানান।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, মহানগর কমিটির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, সিনিয়র সহ-সভাপতি দস্তগীর চৌধুরী, সহ-সভাপতি আবু সুফিয়ান, নগর যুবদলের সাধারণ সম্পাদক কাজী বেলাল প্রমুখ।
বিএনপি কার্যালয় ও এর আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও আর্মড পুলিশের অবস্থান দেখা গেছে।
নগর বিএনপিতে আমীর খসরুর বিরোধী বলে পরিচিত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও তার অনুসারী নেতাকর্মীরা হরতালের সমর্থনে সোমবার সকালে চট্টগ্রাম আদালত ভবন প্রাঙ্গণে মিছিল, সমাবেশ ও লিফলেট বিতরণ করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও মহানগর পর্যায়ের দলীয় নেতারা তার সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০১৭ ঘ.
bdnews24