সিরাজগঞ্জ, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অপহরণের তিনদিন পর ঝিনাইদহের এক ইউনিয়ন পরিষদ সদস্যকে উদ্ধার করেছে সিরাজগঞ্জ পুলিশ।
সোমবার সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পেঙ্গুয়ারি গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তি হলেন- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যনন্দন ইউপির সদস্য আব্দুর রাজ্জাক। তিনি পেশায় একজন ঠিকাদার।
আটককৃতরা হলেন- তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউপির শিলং গ্রামের প্রভাত (৩০) ও বারুহাস ইউপির পেঙ্গুয়ারী গ্রামের নাসির (৪০)।
তাড়াশ থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৫ নভেম্বর আব্দুর রাজ্জাককে কাজ দেওয়ার কথা বলে নাটোর-বনপাড়া মহাসড়কের মহিষলুটি থেকে প্রভাত ও নাসির অপহরণ করেন।
এরপর তারা রাজ্জাকের পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ চান।
ওসি জানান, বিষয়টি জানার পর খোঁজখবর নিয়ে পুলিশ রাজ্জাকের অবস্থান নিশ্চিত হওয়ার পর সকাল ৯ টায় তাড়াশের পেঙ্গুয়ারি গ্রামের তফিজ উদ্দিনের বাড়িতে অভিযান চালায়।
তিনি জানান, এ ঘটনায় রাজ্জাকের চাচা আবু হানিফ বিশ্বাস বাদি হয়ে ১৪ জনকে আসামি করে তাড়াশ থানায় মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৭৩২ ঘ.
bdnews24