দিনাজপুর, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক ছাটাই আদেশ এবং শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার দাবিতে মধ্যপাড়া কঠিন শিলা খনিতে শ্রমিক ধর্মঘট সোমবার তৃতীয় দিনের মতো চলছে।
ফলে খনিতে পাথর উত্তোলনও বন্ধ রয়েছে।
শ্রমিকরা তাদের দাবির সমর্থনে খনির বাইরে বিক্ষোভ মিছিল, সমাবেশ চালিয়ে যাচ্ছে।
এদিকে উদ্ভুত পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন উদ্যোগ নেওয়া হচ্ছে কি না-এ বিষয়ে দিনাজপুর জেলা প্রশাসক জামালউদ্দিন আহমেদের কাছে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খনির বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রশাসন অবগত রয়েছে।
তিনি বলেন, "খনি কর্তৃপক্ষ চাইলে কিংবা সরকারের নির্দেশ পেলে পরিস্থিতি নিরসনে অবশ্যই উদ্যোগ নিব।"
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। খনি কর্তৃপক্ষ সোমবারের মধ্যে দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে আগামীকাল মঙ্গলবার থেকে অবস্থান ধর্মঘটসহ সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩০৮ ঘ.
bdnews24