২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধরা দিলেন ডিপজল

চলচ্চিত্র অভিনেতা ও বিএনপি দলীয় ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজল দারুস সালাম থানায় আত্মসমর্পণ করেছেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 04:17 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্র অভিনেতা ও বিএনপি দলীয় ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজল দারুস সালাম থানায় আত্মসমর্পণ করেছেন। রোববার রাত ৯টা ৫০ মিনিটে তিনি দারুস সালাম থানায় আত্মসমর্পণ করেন বলে জানান থানার ওসি মো. আব্দুল মালেক। ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি মাইক্রোবাস চালিয়ে থানায় আসেন ডিপজল। পরে তিনি থানায় ঢুকে এসআই হামিদুর রহমানের কাছে আত্মসমর্পণ করেন। গত ১৬ নভেম্বর গাবতলীতে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে আহত করার অভিযোগ রয়েছে ডিপজলের বিরুদ্ধে। পুলিশের দায়িত্ব পালনে বাধা ও আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো এবং হামলার অভিযোগে ডিপজলের বিরুদ্ধে মামলা করে পুলিশ। মামলার পরপরই তার মেয়ের শ্বশুড়বাড়ি, তার নিজের একাধিক বাড়ি, তার নিজস্ব স্যুটিং স্পট ছাড়াও বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালায়। মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল সেদিন জানান, ওয়ার্ড কাউন্সিলর ডিপজলের বিরুদ্ধে চাঁদাবজি, সন্ত্রাসী, সরকারি জমি দখলসহ নানা ধরণের অভিযোগ রয়েছে। ডিপজলকে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে র‌্যাব গ্রেপ্তার করেছিলো। উদ্ধার করেছিল বেশ কিছু আগ্নেয়াস্ত্র। দুর্নীতি দমন কমিশন ডিপজল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলাও করেছিলো তখন। কারা কর্মকর্তাদের সঙ্গে এক সোফায় বসে কারা অভ্যন্তরে অনুষ্ঠিত এক সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা নিয়ে বির্তকও উঠেছিলো ডিপজলকে নিয়ে। গত ১৬ নভেম্বর পুলিশকে মারধরের ঘটনার বিষয়ে ওসি আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, "সিগনাল ভঙ্গ করায় গাড়ি থামাতে বললে ডিপজল গাড়ি থেকে বের হয়ে কনস্টেবল আলতাফের কলার চেপে ধরে চড়-থাপ্পর দেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। এ সময় ডিপজল তাকে বলেন, 'তুই আমাকে চিনিস, আমি কে? তোর এত বড় সাহস, তুই আমার গাড়ি থামাস।'" ডিপজলের দুটি শটগান, একটি পিস্তল ও একটি বন্দুকের লাইসেন্স বাতিলের জন্য গত ২১ নভেম্বর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়। অস্ত্রের লাইসেন্স বাতিলের এখতিয়ার ঢাকার জেলা প্রশাসকের। বৃহস্পতিবার পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে ওই আবেদন পৌঁছেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসআইএম/পিডি/২২২৭ ঘ.