ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক টাকার সোনালী মুদ্রা বেশি দামে কেনাবেচা করলে এতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বেশি দামে এক টাকার সোনালী মুদ্রা কেনাবেচা না করতে সবার প্রতি আহ্বান জানিয়ে রোববার ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, '১৯৯৮-৯৯ সালের দক্ষিণ আফ্রিকা থেকে চার গ্রাম ওজনের এ মুদ্রাটি তৈরি করে আনা হয়।"
একই সঙ্গে এই মুদ্রা কেনাবেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
প্রতিটি মুদ্রায় শতকরা ৬৯ ভাগ তামা, ৩০ ভাগ দস্তা এবং ১ ভাগ টিন রয়েছে। মুদ্রাটির উৎপাদন খরচ ৭৮ পয়সা।
ধাতু সংমিশ্রিত অবস্থায় মুদ্রাটির বাজার দর ৭৮ পয়সার চেয়ে কম উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, 'এ জন্য এ মুদ্রার চাহিদা এবং উচ্চমূল্যে বিক্রির বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের কাছে বোধগম্য নয়।'
এক্ষেত্রে দেশবাসী প্রতারণার শিকার হতে পারে বলে বাংলাদেশ ব্যাংক আশঙ্কা প্রকাশ করেছে।
গত ২৩ নভেম্বর ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা থেকে এক টাকার সোনালী মুদ্রা বেশি দামে কেনাবেচায় জড়িত থাকায় ১০ জনকে আটক করে পুলিশ।
তাদের কাছ থেকে কয়েকশ এক টাকার মুদ্রা উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯২৪ ঘ.
bdnews24