নাটোর, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের লোকমানপুর কলেজের শিক্ষক মিজানুর রহমান হত্যা মামলার দুই সাক্ষী জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এর মধ্যে শনিবার দিলারা আক্তার ও রোববার তোজাম্মেল হক বাগাতিপাড়ায় থানায় আসামিপক্ষের স্বজনদের বিরুদ্ধে পৃথক এ দু'টি জিডি করেন।
জিডিতে তারা বলেন, এই মামলায় তারা গত ২১ নভেম্বর নাটোরের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম মাহমুদুল হাসানের আদালতে জবানবন্দি দেন। এরপর থেকে আসামি আসিফ ও রাজনের পরিবারের লোকজন বাড়িতে এসে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। মোবাইল ফোনেও হুমকি দেওয়া হচ্ছে।
জিডিতে তারা পুলিশের কাছে জীবনের নিরাপত্তা চেয়েছেন।
এ ব্যাপারে মামলার বাদীপক্ষের আইনজীবী সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার হওয়ার পর থেকে তাদের লোকজন সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছে। এর কারণেই দুই সাক্ষীকে হুমকি দেওয়া হয়। বিষয়টি আমরা আদালতকেও জানাব।
এদিকে ঘটনার সময় আসামি আসিফ ও রাজনকে বহনকারী মোটরসাইকেলটি ক্রটিমুক্ত ছিল কিনা তা পরীক্ষা করে প্রতিবেদন দিয়েছে বিআরটিএ।
রোববার নাটোরের বিআরটিএ'র পরিদর্শক সাইদুর রহমান তার প্রতিবেদনে মোটরসাইকেলটি ক্রটিমুক্ত ছিল বলে উল্লেখ করেন। প্রতিবেদনটি মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জিডি করার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ যাচাইবাছাই করা হচ্ছে। সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধেব্যবস্থা নেওয়া হবে।
লোকমানপুর কলেজের রসায়নের প্রভাষক মিজানুর রহমান গত ১২ অক্টোবর উত্ত্যক্তকারীদের হামলায় আহত হন। বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন এই শিক্ষক ২৪ অক্টোবর মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫১ ঘ.
bdnews24