নারায়ণগঞ্জ, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় রোববার তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮ জন।
পুলিশ জানিয়েছে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার শিবুমার্কেট এলাকায় নারায়ণগঞ্জগামী মালবাহী একটি কাভার্ডভ্যান এবং টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহত হয় অন্তত ১০ জন।
দুর্ঘটনার পর লিংকরোডে বিক্ষুব্ধ জনতা একটি বাস ভাংচুর করে। এ সময় প্রায় আধাঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতরা টেম্পুর যাত্রী ছিলেন। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে।
এরা হলেন- আড়াইহাজার উপজেলার সম্ভপুরা এলাকার আবুল ফজলের ছেলে মাসুদ সালাউদ্দিন (৩৫) ও ঢাকার যাত্রাবাড়ির মতিয়ার মিয়ার ছেলে আব্দুর জব্বার (৪০)।
ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষে টেম্পুটি দুমড়ে মুচড়ে যায়। পুলিশ কাভার্ড ভ্যানটিকে আটক করেছে। তবে চালক পলাতক।
ওদিকে সকাল ৮টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি এলাকায় আনন্দ পরিবহনের ঢাকাগামী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী একটি স্কুটারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় আট জন।
এরা হলেন- অপু (২৮), রাজু (২৯), নুরে আলম (২৭), মাঈনুউদ্দিন (৩০), জাহানারা (৫০), রনি (২৭), সরকারী মহিলা কলেজেরে প্রথম বর্ষের ছাত্রী অনামিকা (২০), শহীদ (৪২) ।
আহত ১৮ জনকে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫০৩ ঘ.
bdnews24