২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনটের চেয়ারম্যানকে গ্রেপ্তার না করলে হরতাল

বাস শ্রমিককে মারধর করায় জয়পুরহাটের পুনট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 02:13 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

জয়পুরহাট, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস শ্রমিককে মারধর করায় জয়পুরহাটের পুনট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে শ্রমিকরা। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার না করলে হরতালের হুমকি দিয়েছে জয়পুরহাট মোটর মালিক গ্র"প ও মোটর শ্রমিক ইউনিয়ন। শনিবার বিকালে জয়পুরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। এ সময় উপস্থিত ছিলেন মোটর মালিক গ্র"পেরর সভাপতি শামছুর হুদা, সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইদুল ইসলাম প্রমুখ। অভিযোগে বলা হয়- শুক্রবার বিকাল সাড়ে ৪টায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস জয়পুরহাটের উদ্দেশে ঢাকা ছাড়ে। ঢাকা থেকে ৩/৪ কিলোমিটার যাওয়ার পর বাসটির যাত্রী কালাই উপজেলার পুনট ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন- তার একজন লোক রয়ে গেছে। গাড়ি আবার ঢাকায় নিতে হবে। ওই বাসের শ্রমিকরা তাকে বলেন- তার লোক যেন হানিফের পরের বাসে চন্দ্রা কাউন্টারে আসে। সে অনুযায়ী চন্দ্রায় তারা ২০ মিনিট অপেক্ষা করার পর ওই যাত্রী আসতে ব্যর্থ হন। এ অবস্থায় আব্দুল কুদ্দুস কোচটিকে সেখান থেকে ঢাকায় ফিরিয়ে নেওয়ার জন্য চাপ দেন। কিন্তু কর্তব্যরত শ্রমিকরা তা মানতে অপারগতা প্রকাশ করেন। বাসটি বগুড়া ছাড়ার পর থেকে চেয়ারম্যান মোবাইল ফোনে তার লোকদের লাঠিসোটা নিয়ে পুনট থাকতে বলেন। পুনট পৌঁছামাত্র আগে থেকে গাছের গুড়ি ফেলে বাস থামিয়ে ১৫/২০ জন সন্ত্রাসী বাসের চালক, সহকারী ও সুপারভাইজারকে মারধর করতে থাকে। এতে সুপারভাইজার কলন্তর আলী গুরুতর আহত হন। তাকে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কালাই থানায় একটি মামলা হয়েছে। কালাই থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্দের পর দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। অভিযুক্ত চেয়ারম্যান আব্দুর কুদ্দুসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.