২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাগুরায় যাত্রীবাহী বাসের চাপায় এক কৃষক ও গাইবান্ধায় মটর সাইকেলের ধাক্কায় অন্য একটি মটর সাইকেলের আরোহী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 10:49 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় যাত্রীবাহী বাসের চাপায় এক কৃষক ও গাইবান্ধায় মটর সাইকেলের ধাক্কায় অন্য একটি মটর সাইকেলের আরোহী নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাগুরা প্রতিনিধি জানান, সদর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় হাশেম শিকদার (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। মাগুরা-যশোর সড়কের জাগলা এলাকায় শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসী রাস্তা অবরোধ করলে মাগুরা-যশোর সড়কে গাড়ি চলাচল এক ঘণ্টা বন্ধ থাকে। হান্নান শেখ নামে স্থানীয় একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস জাগলা এলাকায় পথচারী হাশেম শিকদারকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় বাসটি দ্রুত পালিয়ে যায়। এরপর জনতা জাগলা বাজারে গতিরোধক স্থাপনের দাবিতে দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। প্রশাসনের পক্ষ থেকে সদর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে গিয়ে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। এ বিষয়ে সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি মতিয়ার। গাইবান্ধা প্রতিনিধি জানান, শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী এক মহিলা নিহত হয়েছে। নিহত সুমাইয়া আকতার স্মৃতি (২০) সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের মহানন্দপুর গ্রামের মাহফুজ রহমান পনিরের স্ত্রী। গাইবান্ধা সদর থানার ওসি আকবর হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে স্বামীর সঙ্গে মটর সাইকেলযোগে সদর আধুনিক হাসপাতালে যাচ্ছিলেন সুমাইয়া। শহরের বাস টার্মিনাল সড়কে বিপরীত দিক থেকে আসা অপর একটি মটর সাইকেলের সঙ্গে তাদের সাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর আহত সুমাইয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১টার দিকে তিনি মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬৪৫ ঘ.