ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিলন স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ডা. শামসুল আলম খান মিলনকে স্মরণ করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিএসসি সড়ক দ্বীপের কাছে মিলন স্তম্ভে ফুল দিয়ে ডা. মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন।
মিলনের মৃত্যুবার্ষিকীতে শনিবার এই কর্মসূচির আয়োজন করা হয়।
১৯৯০ এর ২৭ নভেম্বর গণআন্দোলনের সময় সামরিক শাসক এইচএম এরশাদের পেটোয়া বাহিনীর গুলিতে প্রাণ হারান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব ডা. মিলন। তার মৃত্যুর মধ্য দিয়ে আন্দোলন বেগবান হয়। এর ধারাবাহিকতায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে পতন ঘটে এরশাদ সরকারের।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রতি বছর এই দিনটিকে শহীদ ডা. মিলন দিবস হিসেবে পালন করে আসছে।
শনিবার সকালে মিলন স্মৃতিসৌধে পৃথক পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, স্বাধীনতা চিকিৎসা পরিষদ, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, বাংলাদেশ চিকিৎসক সংসদ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্রমৈত্রী, ডা. মিলন সংসদসহ বিভিন্ন সংগঠন।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ডা. মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।
দিবসটি উপলক্ষে শহীদ ডা. মিলন সংসদ সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে মিলনের সমাধি ও টিএসসি সংলগ্ন মিলন স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে। এ ছাড়া বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আওয়ামী লীগ সকালে মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের আয়োজন করে।
জাতীয় সমাজতান্ত্রিক দল সকালে মিলনের সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও মিলন স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বিকালে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এছাড়া বাংলাদেশর কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) দিবসটি পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএম/এজে/কেএমএস/১৫৪৪ ঘ.
bdnews24