২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে জনযুদ্ধের আঞ্চলিক নেতা গ্রেপ্তার

মেহেরপুরে চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) এক আঞ্চলিক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 09:13 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

মেহেরপুর, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরে চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) এক আঞ্চলিক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার ভোররাত ৪টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া মোড় থেকে কোরবান হোসেন ওরফে কুরু (৩৫) কে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাপিড আকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৬) মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুজিবনগর ডিগ্রী কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়ায়েছ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কোরবান হোসেন। কোরবানের বাড়ি গাংনী উপজেলার খড়মপুর গ্রামে। গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী ধানখোলা গ্রামের মাঠপাড়ার একটি ধানক্ষেত থেকে দুটি তাজা বোমা, একটি এলজি লাইটগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গাংনী থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোরবানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গাংনী ও মুজিবনগর থানায় দুটি হত্যা মামলাসহ চাঁদাবাজি ও অপহরণের একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫০৪ ঘ.