২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া আইনজীবী সমিতিতে বিরোধী দল সমর্থকদের জয়

বগুড়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদে জয় পেয়েছে বিরোধী দল সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 08:38 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

বগুড়া, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদে জয় পেয়েছে বিরোধী দল সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। মোট ২২টি পদের মধ্যে আটটি পদে জিতেছে সরকার সমর্থকরা। জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে রাত ২টার দিকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা বিনয় কুমার ঘোষ রজত। নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, সমিতির ৫৬৯ জন সদস্যদের মধ্যে ৫৪৬ জন ভোট দিয়েছেন। নির্বাচনে ২২টি পদের জন্য সরকার সমর্থক ও বিরোধী দল সমর্থকদের দুটি প্যানেলসহ মোট ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি নির্বাচিত হয়েছেন, জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের দেলোয়ার হোসেন সরকার। তিনি পেয়েছেন ২৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোটের মীর ইকবাল পেয়েছেন ২৫৭ ভোট। একই পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক (৩) পেয়েছেন ২৪ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের আতাউর রহমান খান (মুক্তা) ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এ এইচ এম গোলাম রব্বানী খান রোমান পেয়েছেন ২৬৫ ভোট। জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে হাসান বারী ও রফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক পদে হারুনুর রশিদ, ম্যাগাজিন সম্পাদক পদে এস এম নুরুজ্জামান (মেহবুব), কোষাধ্যক্ষ পদে আব্দুল মতিন মণ্ডল ও কার্যকরি সদস্য পদে গোলাম মোস্তফা (জিয়ন), সানাউল সায়েম (সুমন), আকতার জাহান, আব্দুল মান্নান, হারুনুর রশিদ (রুবেল),শারদী শবনম (মিথুন) ও মোছা. শিপন খাতুন। সরকার সমর্থক মহাজোট প্যানেল থেকে নির্বাচিত প্রার্থীরা হলেন,সহ-সভাপতি পদে নুরুননবী, যুগ্ন সম্পাদক পদে আব্দুল হান্নান (সাথি হান্নান), সমাজ কল্যাণ সম্পাদক পদে মোস্তফা কামাল (প্রিন্স), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সফিউল আলম মিঠু, গ্রন্থাগার সম্পাদক পদে লিমন সরকার এবং কার্যকরি সদস্য পদে আজিজার রহমান খান (মসকেট), আক্কাস আলী মণ্ডল ও সাইদুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৪২৭ ঘ.