দিনাজপুর, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাঁটাই ও মামলার প্রতিবাদে শনিবার অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনির শ্রমিকরা।
বিক্ষুদ্ধ শ্রমিকরা সকাল ৯টার দিকে খনির প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রমিকদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে চাকরি স্থায়ীকরণের জন্য আন্দোলন করে আসছে। কিন্তু কর্তৃপক্ষ সেদিকে ভ্র"ক্ষেপ না করে একের এক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়ে চলেছে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খনির ২৯৮ জন শ্রমিকই ধর্মঘটে যোগ দিয়েছেন।
তিনি আরো জানান, ২৩ নভেম্বর খনিতে বিভিন্ন ক্যাটাগরিতে সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগপ্রাপ্ত ৯ জনকে শ্রমিকরা কর্মস্থলে যোগদানে বাধা দেয়। এই ৯ জন আনুষ্ঠানিকভাবে চাকুরিতে যোগদান করলেও কর্মস্থলে প্রবেশ করতে পারেনি।
খনিতে ইতিমধ্যে তিন শিফট পরিচালনার মতো কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে মোস্তাফিজুর বলেন, "কিন্তু শ্রমিক রয়েছে এক শিফট এর। প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ এসব শ্রমিকের চাকরি স্থায়ীকরণের ব্যাপারে কর্তৃপক্ষ নিশ্চুপ। এ কারণে বিক্ষুদ্ধ শ্রমিকরা ওই ৯ কর্মকর্তাকে কর্মস্থলে যোগদান করতে দেয়নি।"
তিনি আরো জানান, খনির ডিজিএম কামরুজ্জামান ২৩ নভেম্বর আশ্বাস দিয়েছিলেন, এমডি ঢাকা থেকে রওয়ানা হয়েছেন। তিনি আসার পর আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।
শ্রমিক নেতা মোস্তাফিজুর বলেন, "আমরাও আলোচনার জন্য অপেক্ষায় ছিলাম। কিন্তু এমডি জামিল-এ-আলিম আসার পর কোনো আলোচনা ছাড়াই আমাকেসহ পাঁচ শ্রমিককে ছাঁটাই এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে পার্বতীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলা এবং ছাঁটাই আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত শ্রমিকরা ধর্মঘট চালিয়ে যাবে।"
এ ব্যাপারে শনিবার সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত এমডি জামিল-এ-আলিম ও জিএম (প্রশাসন) আবুল বাশারের সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে বেশ কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।
পার্বতীপুর থানার ওসি নুরুজ্জামান জানান, জিএম (প্রশাসন) আবুল বাশার বাদি হয়ে পাঁচ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরো ৫-৭ জনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে মামলা করেছেন।
শ্রমিক নেতা মোস্তাফিজুর জানান, মামলায় তিনিসহ সংগঠনের সভাপতি মোমিনুল হক, সহ-সভাপতি সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ও সদস্য সফিকুল ইসলামের নাম উল্লেখ আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১২১১ ঘ.
bdnews24