২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. মিলন দিবস শনিবার

১৯৯০ এর এরশাদ বিরোধী আন্দোলনের সময় নিহত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্ম মহাসচিব ডা. শামসুল আলম খান মিলনের ২০তম শাহাদাতবার্ষিকী শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 06:19 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৯০ এর এরশাদ বিরোধী আন্দোলনের সময় নিহত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্ম মহাসচিব ডা. শামসুল আলম খান মিলনের ২০তম শাহাদাতবার্ষিকী শনিবার। এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে শহীদ ডা. মিলন সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। ১৯৯০ সালের ২৭ নভেম্বর এরশাদ বিরোধী আন্দোলন চলাকালে ডা. মিলন বিএমএ-এর একটি সভায় যোগ দিতে ঢাকা মেডিকেল কলেজ থেকে রিকশায় তৎকালীন পিজি হাসপাতালে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে সেনাশাসক এইচএম এরশাদের মদদপুষ্ট সন্ত্রসীদের গুলিতে নিহত হন। সেই থেকে প্রতিবছর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই দিনটিকে শহীদ ডা. মিলন দিবস হিসেবে পালন করে আসেছ। মিলনের মৃত্যুর পর ক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজধানীসহ সারাদেশ। এর ফলশ্র"তিতে ৬ ডিসেম্বর পতন ঘটে এরশাদ সরকারের। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া মিলনের মৃত্যু বার্ষিকীতে পৃথক বাণী দিয়েছেন। জিল্লুর রহমান তার বাণীতে বলেন, ''দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ডা. শামসুল আলম খান মিলনের আত্মত্যাগকে আমি শ্রদ্ধার সাঙ্গে স্মরণ করি। তার আত্মত্যাগে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়। দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষ এই তরুণ চিকিৎসকের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাঙ্গে স্মরণ করে। জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে দিনটির গুরুত্ব তাই অপরিসীম।" এক বাণীতে শেখ হাসিনা বলেন, "ডা. মিলনের আত্মদান সে সময়কার চলমান আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যায়। এ মর্মান্তিক ঘটনার মাত্র ১০ দিনের মাথায় স্বৈরতন্ত্রের পতন হয়। দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে সাধারণ মানুষের মৌলিক অধিকার পূরণ করার মাধ্যমেই মিলনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করা হবে বলে আমি মনে করি।" পৃথক এক বাণীতে খালেদা জিয়া বলেন, "শহীদ ডা. মিলনের দৃঢ় প্রতিজ্ঞা ছিল স্বৈরাচার হটিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা। বুকের রক্ত ঢেলে তিনি এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ প্রশস্ত করে গেছেন। এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার মাধ্যমেই আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারি। সে লক্ষ্য অর্জনে মিলনের আত্মত্যাগ আমাদেরকে প্রেরণা জোগাবে।" শহীদ ডা. মিলন সংসদের কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ চত্বরে মিলনের সমাধি ও টিএসসি সংলগ্ন মিলন স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি মাঠে আলোচনা সভা। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত। জাতীয় সমাজতান্ত্রিক দলের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় মিলনের সমাধিতে পুস্পার্ঘ্য নিবেদন, সকাল সাড়ে ৮টায় টিএসসি সংলগ্ন মিলন স্বম্ভে শ্রদ্ধা নিবেদন এবং বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা। এছাড়াও বাংলাদেশর কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) দিনটি পালনে কর্মসূচি গ্রহণ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএম/ডিডি/এইচএ/০০০৬ ঘ.