ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বিমান থেকে নেমে অন্যটিতে ওঠার সময় শাহজালাল বিমানবন্দরে অস্ত্রসহ ধরা পড়েছেন এক যুবক।
মাসফিক মাহমুদ খান (৩০) নামে ওই ব্যক্তি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে সিলেট যাচ্ছিলেন। সঙ্গে থাকা রিভলবারটি তার দাদার নামে লাইসেন্স করা বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার দুপুরে মাসফিকের ব্যাগ স্ক্যান করার সময় ভেতরে থ্রি টু বোরের একটি রিভলবার ও ১৫ রাউন্ড গুলির অস্তিত্ব ধরা পড়ে বলে বিমানবন্দর থানার উপপরিদর্শক এসএম আব্বাস আলী জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাসফিক তার দাদার লাইসেন্স করা রিভলবার সঙ্গে নিয়ে ট্রাভেল করছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তাকর্মী মাহমুদা খানম বাদি হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন।"
মাসফিক রিজেন্ট এয়ারলাইন্সের একটি বিমানে করে সকালে চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছান। সিলেট যাওয়ার জন্য তার ইউনাইটেড এয়ারলাইন্সের টিকিট কাটা ছিলো বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমআই/১৭০০ ঘ.
bdnews24