ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলী থানা এলাকায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে কদমতলীর পূর্ব জুরাইনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম হুমায়ুন কবির টিটু (৪৫)। স্বজনরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
টিটুর মেয়ে বৃষ্টি সাংবাদিকদের জানান, তার বাবা একজন জমি ব্যবসায়ী।
কদমতলী থানার ওসি আইয়ুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টিটু বাসা থেকে ১শ দূরে একটি দোকানের সামনে বসে ছিল। এ সময় ৩ যুবক তার পিছন থেকে ১ রাউন্ড গুলি ছুড়ে দৌড়ে পালিয়ে যায়।
গুলি তার মাথায় লেগেছে বলে পুলিশ জানায়।
বৃষ্টি জানান, দুপুর ২টার দিকে তার বাবা নামাজ পড়ে বাসা থেকে বের হয়। এমন সময় খবর আসে কাঙ্গালী নামের স্থানীয় এক ব্যক্তির ছেলে সোহাগ তার বাবাকে মেরে ড্রেনে ফেলে রেখে গেছে। মা রোজিনা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
গুলির কারণ সম্পর্কে বৃষ্টি বলেন, ঈদের সময়ও কাঙ্গালীর ছেলে এলাকায় গোলাগুলি করেছিল। তবে তার বাবার সঙ্গে বিরোধের কারণ জানাতে পারেনি বৃষ্টি।
টিটুর ২ মেয়ে ১ ছেলে রয়েছে। তার বাসা ৩৫৬ মুরাদপুর আউটার র্সাকুলার রোডে। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১৬১৫ ঘ.
bdnews24