মাগুরা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামে পালিত হয়েছে কামান্না শহীদ দিবস।
এ উপলক্ষে শুক্রবার হাজিপুর গ্রামে মিলাদ মাহফিল, শোক র্যালি, আলোচনা সভা ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আয়োজনে হাজিপুরে কামান্না শহীদ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গনে এসব কর্মসূচি পালন করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ মাগুরা জেলা ইউনিট কমান্ডার মোল্যা নবুয়ত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আলতাফ হোসেন, জেলা প্রশাসক (ডিসি) সুশান্ত কুমার সাহা, পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, আব্দুল ফাত্তাহ, আব্দুল হালিম মিরাজ, জহুর-ই-আলম প্রমুখ।
সভায় বক্তারা কামান্না গ্রাম থেকে শহীদদের সমাধি সরিয়ে নিজ জেলা মাগুরায় নিয়ে আসার জোর দাবী জানান।
১৯৭১ সালের ২৬ নভেম্বর রাতে পাক বাহিনীর হাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না গ্রামে এক যুদ্ধে মাগুরার ২৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। পরে কামান্না স্কুল মাঠের পাশে নদীর তীরে ৫টি গণকবরে এদের সমাহিত করা হয়।
কামান্না যু্েদ্ধ শহীদ মুক্তিযোদ্ধারা হলেন- আলমগীর হোসেন, আলী হোসেন, কাদের, মোমিন, সলেমান, ওয়াহেদ, আজিজ, আকবর, রিয়াদ, শরীফুল, আলিউজ্জামান, মনিরুজ্জামান, মাছিম, রাজ্জাক, শহিদুল, আব্দুর রাজ্জাক, কাওছার, সালেক, সেলিম, মতলেব, হোসেন আলী, খন্দকার রাশেদ, গোলজার, তাজুল ইসলাম, আনিসুর, গৌর ও অধীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৫৫৩ ঘ.
bdnews24