ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "ধানক্ষেতে ক্রলিং করে এগুনোর সময় দেখি সামনেই গুলিবিদ্ধ শহীদ। তাকে পিঠে তুলে নিয়ে এগিয়ে যাই। হঠাৎ জ্বলে ওঠে পাক সেনাদের সার্চ লাইট। তিনজন পাকিস্তানি জোয়ান এসে বেয়নেট চার্জ করে শহীদের ওপর। শহীদ চিৎকার করে বলে আমি বাঁচতে চাই। কিন্তু বাঁচতে পারেনি।"
কুমিল্লার চৌদ্দগ্রামের বেতিয়ারায় পাকবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে মুক্তিযোদ্ধা শহীদউল্লাহ সাউদের মারা যাওয়ার বিবরণ এভাবেই তুলে ধরেন সহযোদ্ধা শুক্কুর মাহমুদ।
শিশু সংগঠন খেলাঘর বৃহস্পতিবার সমাবেশ, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বেতিয়ারা শহীদ দিবস পালন করে।
১৯৭১ সালের ১১ নভেম্বর রাতে বেতিয়ারায় ওই যুদ্ধে আরো আটজন মুক্তিযোদ্ধা শহীদ হন।
শহীদউল্লাহ সাউদ ছিলেন খেলাঘরের কর্মী।
মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত মঞ্চে খেলাঘরের সভাপতি মাহফুজা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। সিপিবির সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর কমান্ডার মঞ্জুরুল আহসান খান, ডেপুটি কমান্ডার মীর মোশাররফ হোসেন, খেলাঘরের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী বেতিয়ারা যুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য দেন।
অনুষ্ঠানে বেতিয়ারা যুদ্ধে অংশগ্রহণকারী খেলাঘরের সকল মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে বরণ করা হয়।
ইয়াফেস ওসমান বলেন, দেশ স্বাধীন হলেও আজো অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি আসেনি।
মঞ্জুরুল আহসান খান বলেন, "দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে তরুণ প্রজন্ম তা রুখে দেবে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের চিতায় তোলা হলে শহীদদের আত্মা শান্তি পাবে।"
মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, "মুক্তিযোদ্ধারা ভিক্ষা করে শুনলে মরে যেতে ইচ্ছে হয়। তিনি সব মুক্তিযোদ্ধার পুনর্বাসনের পাশাপশি কেন্দ্রীয়ভাবে মুক্তিযোদ্ধাদের জন্য একটি কবরস্থানের দাবি জানান।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কেএমএস/১২২২ ঘ.
bdnews24