২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার অভিযোগে পুলিশ গ্রেপ্তার

প্রতারণা করে নেওয়া টাকা ফেরত দিতে গিয়ে বরিশালে গ্রেপ্তার হয়েছেন এক পুলিশ কনস্টেবল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 05:07 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

বরিশাল, ২৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতারণা করে নেওয়া টাকা ফেরত দিতে গিয়ে বরিশালে গ্রেপ্তার হয়েছেন এক পুলিশ কনস্টেবল। বৃহস্পতিবার সকালে উজিরপুর উপজেলার শিকারপুরে গ্রেপ্তার করা হয় আবু সালেহ (৩৫) নামের এই কনস্টেবলকে। তিনি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত বলে জানিয়েছে উজিরপুর পুলিশ। বাবুগঞ্জ উপজেলার ভুতেরদিয়া গ্রামের বাসিন্দা সালেহ র‌্যাব পরিচয়ে উজিরপুরের শিকারপুরে এক মোদি দোকানির কাছে থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নেন। উজিরপুর থানার ওসি সুকুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৩ নভেম্বর সালেহ তার পাঁচ সহযোগীকে নিয়ে শিকারপুরের মুদি দোকানি খোকন মুন্সীর দোকানে যান। তারা নিজেদের র‌্যাব পরিচয় দেন এবং খোকনের ভাই লিটনের নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে বলে জানান। লিটনকে গ্রেপ্তার করা হবে না- এই কথা বলে টাকা দাবি করেন এবং এক পর্যায়ে খোকনের কাছ থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নেন। ওসি জানান, খোকন বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে চাপের মুখে পড়ে সালেহ বৃহস্পতিবার টাকা ফেরত দিতে যান। তখন স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। তিনি জানান, জিজ্ঞাসাবাদে সালেহ পুলিশকে জানিয়েছেন লিটন ফেনসিডিল চোরাকারবারের জন্য তার কাছ থেকে ছয় হাজার টাকা ধার নিয়ে আর ফেরত দেয়নি। লিটনের অনুপস্থিতিতে তিনি খোকনের কাছ থেকে ১০ হাজার টাকা আনলেও বৃহস্পতিবার অতিরিক্ত চার হাজার টাকা ফেরত যান। সালেহের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা সে ব্যাপারে কিছু জানাননি ওসি সুকুমার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২৫৬ ঘ.