সাতক্ষীরা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক চেক জালিয়াতির মামলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
বিচার বিভাগীয় হাকিম আদালতের বিচারক এস এম শামসুজ্জান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের নিজ বাড়ি থেকে ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
তিনি উপজেলা যুবদলের সভাপতি।
কলারোয়া থানার ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশরাফ হোসেন একটি ব্যাংক চেক জালিয়াতি মামলার আসামি। মামলার ধার্য দিনে তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
উপজেলার শ্রীপতিপুর গ্রামের আব্দুর রহমান মোল্লার ছেলে আব্দুর রব তার বিরুদ্ধে প্রতারণার মামলাটি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৭০৬ ঘ.
bdnews24