সুনামগঞ্জ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন খুনের মামলায় ১৮ জনের মৃত্যুদণ্ড দিয়েছে সুনামগঞ্জের একটি আদালত।
বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহিম এ রায় দেন।
১৯৮৯ সালের ১৩ নভেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন নিয়ে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে তিনজন মারা যান। এরা হলেন- ফারুক মিয়া, আব্দুল খালিক ও মুজিবুর রহমান।
পরদিন আমিরুল ইসলাম নামের একজন ২৬ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলা করেন। ১৯৯৫ সালে ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
মামলা চলাকালে আটজন আসামির মৃত্যু হওয়ায় তাদের বিষয়ে কোনো আদেশ দেয়নি আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মতিউর রহমান, আতিকুর রহমান, মোহন মিয়া, ফরিদ আহমদ, আহমদ আলী, আব্দুল হক, সিরাজ আলী, জরিফ আহমদ, সুফি মিয়া, আমিরুল হক, বজলুর রহমান, কমর আলী, জব্বর আলী, নূর আবেদীন, মছলমদর আলী, রইছ আলী, আবুল লেইছ ও হারিছ আলী। এর মধ্যে প্রথম চারজন পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৩ সালে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সব আসামিকে বেকসুর খালাস দিয়ে রায় দেয়।
ওই রায়ের পর একই বছর মামলার সাক্ষী আহমদ আলী হাইকোর্টে রিভিশনের আবেদন করেন। ২০০৯ সালে হাইকোর্ট রিভিশনের আবেদন মঞ্জুর করে চার মাসের মধ্যে আবার শুনানি করে রায় দেওয়ার জন্য নিু আদালতকে নির্দেশ দেয়।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন- অ্যাডভোকেট শহিদুজ্জামান চৌধুরী, পীর ফজলুর রহমান মিছবাহ ও আখতারুজ্জামান সেলিম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট জহুর আলী, নেছার আলম ও তৈয়বুর রহমান বাবুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩১ ঘ.
bdnews24