২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে আরো ২৭ জওয়ান গ্রেপ্তার

বিদ্রোহে জড়িত অভিযোগে রংপুরের ৩৪ রাইফেল ব্যাটালিয়নের আরো ২৭ বিডিআর জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 11:50 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

রংপুর, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহে জড়িত অভিযোগে রংপুরের ৩৪ রাইফেল ব্যাটালিয়নের আরো ২৭ বিডিআর জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার এই ব্যাটালিয়নের অভিযুক্তদের বিচার শুরুর প্রথম দিন দুপুরে সদর দপ্তর থেকে তাদের গ্রেপ্তার করে রংপুর কারাগারে পাঠানো হয়। এই মামলায় এর আগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জেলা কারাগারে রয়েছেন। একইদিন রংপুর বিডিআর সেক্টরের অভিযুক্ত ১১ জওয়ানেরও বিচার কাজ শুরু হয়েছে। সেক্টর সদর দপ্তরে স্থাপিত ১৩ নম্বর বিশেষ আদালত অভিযোগ আমলে নিয়ে বৃহস্পতিবার আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। বুধবার সকাল ১০টায় বিচার কাজ শুরু হয়। প্রথমে রংপুর সেক্টর সদর দপ্তরের অভিযুক্ত ১১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন মামলার বাদি সুবেদার রফিকুল আলম। তিনি অভিযোগ করেন, আসামিরা পিলখানার বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গুলিবর্ষণ, মালখানা লুট, রংপুর সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বাধা দেয়। এছাড়া তারা কর্মকর্তাদের হুমকিও দেয়। অভিযোগ উপস্থাপন করে বাদি আসামিদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন । আদালত অভিযোগ আমলে নিয়ে ১১ বিডিআর সদস্যকে আগামীকাল বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করার নির্দেশ দেয়। এরপর দুপুর সাড়ে ১২ টায় ৩৪ রাইফেল ব্যাটালিয়নের ৪৩ জওয়ানের বিচার কাজ শুরু হয় । এই মামলার বাদি সুবেদার মোল্লা গোলাম কিবরিয়া তাদের বিরুদ্ধে গুলিবর্ষণসহ বিভিন্ন অভিযোগ আনেন। অভিযোগটি আমলে নিয়ে ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে অভিযুক্ত ২৭ জওয়ানকে গ্রেপ্তারের নির্দেশ দেন। একইসঙ্গে আগে গ্রেপ্তার করা ১৬ জওয়ানসহ ৪৩ জনকে বৃহস্পতিবার সকাল ১০ টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। সেক্টর সদর দপ্তর ও ৩৪ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের এই দুটি মামলায় প্রসিকিউটরের দায়িত্ব পালন করছেন যথাক্রমে মেজর আব্দুল্লাহ আল মাহমুদ ও লেফটেন্যান্ট কর্নেল ওমর সাদী। তারা আদালতকে বলেন, গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের পরদিন রংপুরে বিদ্রোহে কোনো সেনা কর্মকর্তা নিহত হয়নি। কিন্তু পিলখানায় নারকীয় হত্যাযজ্ঞে রংপুর ৩৪ রাইফেল ব্যাটালিয়নের চার সদস্য সরাসরি অংশ নেয়। পিলখানায় নিহত হন রংপুর বিডিআর সেক্টর কমান্ডার কর্নেল আফতাবুল ইসলাম ও মেজর তানভীর হায়দার। এদের মধ্যে তানভীর হায়দারের লাশ সনাক্ত করা সম্ভব হয়নি। এই নারকীয় হত্যাকাণ্ড আর বিদ্রোহে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন দুই প্রসিকিউটর। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়। এদিকে আদালতের আদেশ পাওয়ার পর দুপুর আড়াইটার দিকে ৩৪ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে ২৭ জওয়ানকে গ্রেপ্তার করে পুলিশ ও র‌্যাবের পাহারায় কারাগারে পাঠানো হয়। ১৩ নম্বর বিশেষ আদালতে সভাপতিত্ব করেন কর্নেল সালেহ আহমাদ। বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন- লেফটেন্যান্ট কর্নেল মো. মাহফুজ আলম ও মেজর দীদার-আল লতিফ। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে আদালতকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৬ ঘ.