মাদারীপুর, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলায় বুধবার ভোরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে তাকে শ্বশুর বাড়ির লোকজন হত্যা করেছে।
মৃত রাবেয়া বেগম (২০) এনায়েতনগর ইউনিয়নের খালেকের হাট গ্রামের কাপড় ব্যবসায়ী সবুজ বেপারীর স্ত্রী এবং একই উপজেলার কুন্তিপাড়া গ্রামের মৃত লালমিয়া খন্দকারের মেয়ে।
রাবেয়ার ভাই লিটন খন্দকার বলেন, গত বছর তার বোন রাবেয়ার সঙ্গে ৫০ হাজার টাকা যৌতুক দিয়ে খালেকের হাট গ্রামের জামাল বেপারীর ছেলে সবুজের বিয়ে হয়।
"২/৩ মাস যাবত সবুজ ঢাকায় কাপড়ের ব্যবসা করতে আরো এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলো। এজন্য প্রায়ই রাবেয়ার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে মারপিট করতো", বলেন তিনি।
কালকিনি থানার ওসি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24