মানিকগঞ্জ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ সদর উপজেলায় মঙ্গলবার টেম্পো উল্টে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।
উপজেলার ডাউটিয়া-মানিকগঞ্জ সড়কের ঘোনায় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. তৌফিক আহম্মেদ (৩০) উপজেলার বার্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। তার বাড়ি উপজেলার চর-গড়পাড়া গ্রামে।
মানিকগঞ্জ সদর থানার ওসি আবু তাহের মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দায়িত্ব পালনের জন্য তৌফিক একটি টেম্পোতে ওঠেন। সকাল ১০টার দিকে ঘোনা এলাকায় টেম্পোটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তৌফিক মারা যান।
আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তৌফিকের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
টেম্পো চালক পলাতক।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/আরএ/১৩১৩ ঘ.
bdnews24