নারায়ণগঞ্জ, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক, জঙ্গি, ইভটিজিংসহ বিভিন্ন সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রশাসনের কর্মকর্তারা।
এর প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সোমবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. সামছুর রহমানের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম, পুলিশ সুপারিনটেনডেন্ট বিশ্বাস আফজাল হোসেন, সিভিল সার্জন মো. মতিয়ার রহমান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফারুক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান বাদল প্রমুখ।
তবে সভায় নারায়ণগঞ্জের পাঁচ সংসদ সদস্যের কেউ উপস্থিত ছিলেন না।
জাতীয় মহিলা সংস্থা জেলা সভাপতি মরিয়ম কল্পনা বলেন, শহরের টানবাজারসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। শহরের তিনটি কলেজের ছাত্র-ছাত্রীরা এসব মাদক সেবন করছে।
তিনি মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার আহবান জানান।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামিউল্লাহ মিলন বলেন, মৃত্যুর পর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার সময় বিউগল বাজানোর কথা থাকলেও তা মানা হচ্ছে না। শুধু স্যালুট দেওয়া হয়।
নারায়ণগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না বলেন, শহরের নিতাইগঞ্জ ও জিমখানা এলাকায় প্রকাশ্যে মাদকদব্য বিক্রি হচ্ছে। এ ব্যবসায় জড়িতরা স্থানীয় সংসদ সদস্যদের অনুগত বাহিনীর লোকজন। সভায় সাংসদ উপস্থিত থাকলে তার কাছে বিষয়টি জানতে চাইতেন বলে তিনি জানান।
সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস বলেন, শহর ও শহরতলীর বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তাররা রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে কমিশন আদায় করছে। এসব কমিশন বাণিজ্যে বিএমএ নেতৃবৃন্দসহ ডাক্তাররা জড়িত।
বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বন্দরে ক্রাইম রিপোর্টার্স এন্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন সংগঠনের নামে এলাকার জমি দখল, সালিশ-বিচারসহ নানা অনৈতিক কার্যকম চালানোর হচ্ছে। এসব কাজে টাকা-পয়সা লেনদেনেরও অভিযোগ রয়েছে।
সিভিল সার্জন মো. মতিয়ার রহমান বলেন, শহরের মণ্ডলপাড়া থেকে লাশকাটা ঘর জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগে পেলে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপারিনটেনডেন্ট বিশ্বাস আফজাল হোসেন বলেন, বারবার অনুরোধ করা সত্ত্বেও জুম্মার খুতবায় জঙ্গিবাদ বিরোধী বক্তব্য দেওয়া হয় না। মাদক নির্মূল করতে হলে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে।
জেলা প্রশাসক মো. সামছুর রহমান বলেন, "জঙ্গিবাদ উত্থানের ঘটনায় আমরা উদ্বিগ্ন। এ ব্যাপারে সব মহলকে সর্তক থাকা দরকার। সংসদ সদস্যদের বাস ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।"
আগামী সপ্তাহ থেকে শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীতে নারায়ণগঞ্জ অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হবে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১০ ঘ.
bdnews24