২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক উন্নয়নে যৌথ পরামর্শক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করতে ভারত-বাংলাদেশের দুই প্রতিষ্ঠানকে যৌথভাবে পরামর্শক নিয়োগ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 01:06 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করতে ভারত-বাংলাদেশের দুই প্রতিষ্ঠানকে যৌথভাবে পরামর্শক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদের ক্রয় সংক্রান্ত কমিটির এক বৈঠকে এক হাজার ছয়শ ৬৫ কোটি টাকার এ প্রকল্পে ভারতের কনসাল্টিং ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (সিইএস) লিমিটেড ও বাংলাদেশের বেভ কনসালটেন্টসকে (বেভকন) পরামর্শক হিসাবে নিয়োগ দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, প্রতিষ্ঠান দুটিকে সরকার ২৩ কোটি ৮৮ লাখ টাকা দেবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নূরুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগের নিয়োগ বাতিল করায় নতুন করে এ নিয়োগ দেওয়া হয়েছে।" এর আগে পরামর্শক হিসাবে নিয়োগ পাওয়া পাকিস্তানি প্রতিষ্ঠান ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পাকিস্তান প্রাইভেট লিমিটেডকে (নেসপাক) উচ্চ ফি দিতে অস্বীকৃতি জানানোয় গত জুনে তারা আকস্মিকভাবে কাজ বন্ধ করে দেয়। এ ব্যপারে পাকিস্তানি প্রতিষ্ঠানকে সরকার বেশ কয়েকবার সতর্ক করলেও দিলেও প্রতিষ্ঠানটি কোনো জবাব দেয়নি। পরে ওই কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করা হয়। নেসপাক এ নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করলে নতুন করে অন্য কোনো কোম্পনিকে নিয়োগ দেওয়ার ব্যাপারে স্থগিতাদেশ দেয় আদালত। পরে সরকারের আবেদনে হাইকোর্ট ওই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়। রাজধানীর সঙ্গে বন্দর নগরী চট্টগ্রামের মহাসড়কটি দুই লেনে উন্নীত করার প্রকল্প হাতে নেওয়া হয় ২০০৬ সালে। পরবর্তী সরকারগুলো এ প্রকল্প শুরু করতে পারেনি। গত ১০ জানুয়ারি অগ্রাধিকার ভিত্তিতে এ প্রকল্পের কাজ শুরু করতে চীনা কোম্পানি সিনোহাইড্রো করপোরেশন ও স্থানীয় রেজা কনস্ট্রাকশন ও তাহির ব্রাদার্স লিমিটেডের সঙ্গে চুক্তি করে বর্তমান সরকার। মন্ত্রিপরিষদের বৈঠকে তিউনিসিয়া থেকে এক লাখ টন ডায়ামোনিয়াম ফসফেট (ডিএপি) সার ও দেড় লাখ টন টিএসপি সার এবং মরক্কো থেকে আরো ২৫ হাজার টন ডিএপি সার কেনারও অনুমোদন দেওয়া হয়। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের একটি প্রকল্পে গাড়ি কেনার জন্য ৮৭ কোটি ৫৬ লাখ টাকা অনুমোদন করা হয়। নূরুল করিম জানান, স্থানীয় সরকার বিভাগে এসব গাড়ি সরবরাহ করবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। চট্টগ্রাম ওয়াসার 'কর্ণফুলী ওয়াটার সাপ্লাই প্রজেক্ট'র আওতায় পানির পাম্পসহ এর জলাধারের সংস্কার ও নির্মাণের ব্যাপারেও অনুমোদন দেওয়া হয়। তিনি বলেন, "১৪৬ কোটি টাকার এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য কোরিয়ার কোলন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানিকে নির্বাচন করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/ইসি/জেবি/পিডি/১৮৫৫ ঘ.