সিরাজগঞ্জ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইঞ্জিনে ক্রুটির কারণে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন রোববার বঙ্গবন্ধু সেতুর উপরে থেমে যায়। ট্রেনটি আর সামনে এগুতে পারেনি।
ট্রেনটি সামনে দিকে এগুতে না পারায় যাত্রীরা আতঙ্কে হুড়মুড় করে সেতুর উপর নেমে পড়ে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোন ঘটনা ঘটেনি।
পরে ওই ইঞ্জিনের সাহায্যেই ট্রেনটিকে পিছিয়ে বঙ্গবন্ধু সেতুর দক্ষিণ পাশে সদানন্দপুর স্টেশনে নেওয়া হয়।
এ ঘটনায় ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েন। দুপুর দেড়টার দিকে অন্য একটি ইঞ্জিন যুক্ত করে ট্রেনটি ঢাকার দিকে রওয়ানা হয়।
বঙ্গবন্ধু সেতুর রক্ষণাবেক্ষণে নিয়োজিত ট্রাফিক ম্যানেজার আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একতা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০ টার দিকে সেতুর ১০ নং পিলারের কাছে গিয়ে ধীরে ধীরে থেমে যায়।
ট্রেন চালক অনেক চেষ্টা করেও ট্রেনটিকে সামনের দিকে নিতে ব্যর্থ হন। ঈদ শেষে ঢাকামুখী যাত্রীতে ট্রেনটি ঠাসা ছিলো। কামরার ভেতরে ও ছাদে তিল ধারণের ঠাই ছিলো না। সেতুর ওপর ট্রেন আটকে যাওয়ায় যাত্রীরা ভীত সন্ত্রস্ত হয়ে হুড়মুড় করে নামতে শুরু করেন।
প্রায় ১ ঘণ্টা চেষ্টার পরও ট্রেনটি সামনের দিকে এগুতে না পারায় কর্তৃপক্ষ সেটিকে পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
এ অবস্থায় ট্রেনে কর্তব্যে নিয়োজিত রেলকর্মীরা যাত্রীদের বুঝিয়ে ট্রেনে তুলে দেন।
পরে ওই ইঞ্জিনই ট্রেনটিকে ধীর গতিতে পিছনের দিকে নিয়ে যায় এবং সদানন্দপুর স্টেশনে নেওয়া হয়।
রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগীয় চীফ কমার্শিয়াল ম্যানেজার আব্দুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় একতা এক্সপ্রেস ট্রেনটি সেতুর উপর থেকে পিছন দিকে এনে সিরাজগঞ্জের সদানন্দপুর ষ্টেশনে নেওয়া হয়।
পশ্চিমাঞ্চলের রেল বিভাগের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দুলাল কুমার রায় বলেন, "অতিরিক্ত যাত্রীর ভারের কারণে ট্রেনটি সেতুর ওপর থেমে যায়। ইঞ্জিনের ত্র"টির কারণে ট্রেনটি আর সামনে যেতে পারেনি।"
সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি বিমল চাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে অন্য একটি ইঞ্জিন লাগোনোর পর ট্রেনটি ঢাকার দিকে রওয়ানা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫৫৩ ঘ.
bdnews24